
|
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
প্রকাশ:
১৫ জুন, ২০২৬, ১০:৩৭ রাত
নিউজ ডেস্ক |
ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে সাড়ে ৩ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার (১৫ জুন) সাড়ে ৯টার দিকে রেলযোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে সন্ধ্যা পৌনে ৬টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি রেলস্টেশন সংলগ্ন এলাকায় চট্টগ্রাম থেকে জামালপুরগামী যাত্রীবাহী বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন থেকে ধোঁয়া বের হতে দেখে ট্রেনটি তাৎক্ষণিকভাবে থামিয়ে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনটি বিকল হয়ে পড়ে। ঘটনার ফলে ট্রেনের যাত্রীরা দীর্ঘ সময় আটকে পড়েন এবং চরম ভোগান্তির শিকার হন। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে বিকল্প ইঞ্জিন পাঠায়। পরে বিকল ইঞ্জিনটি সরিয়ে নতুন ইঞ্জিন সংযুক্ত করা হলে রাত সাড়ে ৯টায় ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে। বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, বিজয় এক্সপ্রেস ট্রেনটি আঠারবাড়ি স্টেশন অতিক্রম করার সময় ইঞ্জিনে আগুনের সূত্রপাত হয়। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং বিকল্প ইঞ্জিন সংযুক্ত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। তিনি আরও বলেন, বিকল্প লাইন ব্যবহার করে অন্যান্য ট্রেন চলাচল অব্যাহত থাকায় চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে বড় ধরনের যানজট বা দীর্ঘস্থায়ী বিঘ্ন ঘটেনি। এর আগে একই দিনে আরেকটি ঘটনায় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইলের ভুয়াপুরগামী পথে গফরগাঁওয়ের মশাখালী এলাকার কাছাকাছি পৌঁছালে ইঞ্জিনের কাপলিং ভেঙে যায়। এতে ট্রেনের ইঞ্জিন বগি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং গফরগাঁও-ঢাকা রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বেলা সোয়া ১২টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ে চলাচল করতে পারেনি। পরে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে একটি রিলিফ ইঞ্জিন পাঠায়। বিকল ইঞ্জিন সরিয়ে প্রয়োজনীয় মেরামত শেষে দুপুর আড়াইটার দিকে ওই রুটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করা হয়। একই দিনে পরপর দুটি যান্ত্রিক ত্রুটির ঘটনায় যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। অনেক যাত্রী রেলওয়ের পুরোনো ইঞ্জিন ও যন্ত্রাংশের রক্ষণাবেক্ষণ জোরদারের দাবি জানিয়েছেন। তবে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উভয় ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আইও |