
|
২৮ আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
প্রকাশ:
১৫ জুন, ২০২৬, ০৯:৫৬ সকাল
নিউজ ডেস্ক |
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যার মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ আওয়ামী লীগের ২৮ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ। সোমবার (১৫ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মামলার সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, প্রথমে মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে। এরপর সাক্ষ্যগ্রহণ শুরু হবে। সূত্রে জানা যায়, মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন চার আসামি। তারা হলেন— নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। অন্যদিকে পলাতক আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গত ১০ মে প্রসিকিউশনের দাখিল করা তিনটি আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়ে ২৮ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের সময় গ্রেফতার চার আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলি চালায়। আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে সংঘটিত ওই ঘটনায় মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত হন এবং আহত হন আরও অনেকে। জেডএম/
|