ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত
প্রকাশ: ০৩ আগস্ট, ২০২৬, ০৭:৫৮ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায় না বলে জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে দলটি বলেছে, তারা যেমন ভারতীয় আধিপত্যবাদের বিরোধী, তেমনি মার্কিন আধিপত্যবাদেরও বিরোধী। বাংলাদেশের ওপর কোনো বিদেশি শক্তির প্রভাব প্রতিষ্ঠার সুযোগ দেওয়া উচিত নয়।

সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী এসব কথা বলেন।

মাওলানা ইউসুফী বলেন, আমরা ড. মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই না। আমরা যেমন ভারতীয় আধিপত্যবাদের বিরোধী, তেমনি মার্কিন বা ওয়াশিংটনকেন্দ্রিক আধিপত্যবাদেরও বিরোধী। বিশ্বের প্রভাবশালী দেশগুলোকে আমরা বাংলাদেশের বন্ধু হিসেবে দেখতে চাই, প্রভু হিসেবে নয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. জাহিদ হোসেন এমপি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে সকল মজলুমের ন্যায়সংগত সংগ্রাম। এ আন্দোলনের মূল চেতনা ছিল ন্যায়বিচার, গণমানুষের অধিকার, মানবিক মূল্যবোধ এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়। সেই চেতনা বাস্তবায়নে বিভেদ-সংঘাত পরিহার করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য ছিল ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।

জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফীর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ। স্বাগত বক্তব্য দেন দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

এ সময় দলের সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা আব্দুল হক কাওসারী, সহকারী মহাসচিব মুফতি মকবুল হোসাইন কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আলেম-উলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আইও/