
|
সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের
প্রকাশ:
১৩ জুন, ২০২৬, ০৮:৪৫ রাত
নিউজ ডেস্ক |
সিলেটে আফজল হোসাইন (২১) নামে এক মাদরাসা ছাত্র গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। তিনি সিলেট নগরীর শাহপরাণ থানার জাহানপুরস্থ মুহিব রোকিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র এবং মেজরটিলার ইসলামপুর এলাকার মুসলিমনগরস্থ ১২ নম্বর আনা মিয়া হাউজের বাসিন্দা মরহুম আনা মিয়া ও শিফা বেগম দম্পতির সন্তান। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ জুন (রোববার) আফজল হোসাইন মাদরাসা থেকে কাউকে কিছু না জানিয়ে বের হয়ে যান। এরপর থেকে তিনি আর মাদরাসা কিংবা বাসায় ফিরে আসেননি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় গত ৮ জুন (সোমবার) নিখোঁজ ছাত্রের মা শাহপরাণ (রহ.) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৪০৭) করেন। জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার সময় আফজল হোসাইনের পরনে ছিল খয়েরি রঙের পাঞ্জাবি ও সাদা পায়জামা। তার গায়ের রং শ্যামলা, মুখ গোলাকার এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে ০১৩০৮২১৭৪৪৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এদিকে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ জানিয়েছেন, নিখোঁজ ছাত্রকে খুঁজে পেতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরএইচ/ |