নোয়াখালীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় ২০ জুন
প্রকাশ: ১৩ জুন, ২০২৬, ০২:৫৯ দুপুর
নিউজ ডেস্ক

নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ, নোয়াখালী জেলা শাখার উদ্যোগে একদিনব্যাপী ষান্মাসিক জোড় অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২০ জুন ২০২৬, শনিবার নোয়াখালীর কলিতারা মুআল্লিম ট্রেনিং সেন্টারে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ জোড় অনুষ্ঠিত হবে।

শনিবার (১৩ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কলিতারা নূরানী মুআল্লিম ট্রেনিং সেন্টার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জোড় অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা কালিমুল্লাহ জামিল, মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাইন, মাওলানা আবু বকর সিদ্দিক, হাফেজ আমিনুল হক, মাওলানা আব্দুল হালিম ও মাওলানা আবু সাঈদ প্রমুখ। তাঁরা নূরানী শিক্ষা পদ্ধতি, কুরআন শিক্ষার মানোন্নয়ন এবং একজন মুআল্লিমের দায়িত্ব ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করবেন।

নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা ইসলাম বেলায়েত হুসাইন জোড় উপলক্ষে সংশ্লিষ্ট সকল মুআল্লিম ও দায়িত্বশীলদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ‘আজকের সমাজে প্রতিটি মুসলমানের অন্তরে কুরআনের আলো পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের মাধ্যমে আমাদের ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন। তাই আসুন, আমরা প্রয়োজনীয় যোগ্যতা অর্জনের মাধ্যমে সেই দায়িত্ব যথাযথভাবে পালনে আত্মনিয়োগ করি।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ষান্মাসিক জোড় নূরানী শিক্ষার মান উন্নয়ন, দক্ষ মুআল্লিম তৈরির পাশাপাশি কুরআনভিত্তিক আদর্শ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের সার্বিক সফলতার জন্য তারা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

জেডএম/