ইসলামী আন্দোলনের গণঅভ্যুত্থান দিবসের সমাবেশ সফল করার আহ্বান
প্রকাশ: ০৩ আগস্ট, ২০২৬, ০৯:১৮ সকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মরণে আয়োজিত ‘গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের সমাবেশ সফল করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

রোববার (২ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া উপকমিটির এক সভায় তিনি এ আহ্বান জানান।

শেখ ফজলুল করীম মারুফ বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ দেড় যুগের ফ্যাসিবাদী শাসনব্যবস্থা থেকে দেশের মানুষ মুক্তি পেয়েছে। ৫ আগস্ট দেশের মানুষের মুক্তির ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। তাই দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কাম্য। তিনি নগরবাসীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত গণঅভ্যুত্থান দিবসের সমাবেশ সফল করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস সংকট, লোডশেডিং, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এবং তীব্র যানজটসহ নানা সমস্যায় নগরবাসীর জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এসব সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয় বলেও তিনি মন্তব্য করেন।

মারুফ বলেন, মানুষের মধ্যে জমে থাকা ক্ষোভ ও অসন্তোষ যে কোনো সময় বড় ধরনের গণঅসন্তোষে রূপ নিতে পারে। তাই নগরবাসীর দুর্ভোগ লাঘব ও চলমান সংকট নিরসনে তিনি প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।

সভায় কেন্দ্রীয় মিডিয়া উপকমিটির প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি জি এম রুহুল আমীন, নগর নেতা ফজলুল হক মৃধা, শফিকুল ইসলাম, নজরুল ইসলাম খোকন, মিডিয়া উপকমিটির সদস্য মাওলানা আবু বকর, মাসুদুর রহমান, ইলিয়াস হাসান, মো. হাসিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরএইচ/