
|
‘নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে’
প্রকাশ:
০২ আগস্ট, ২০২৬, ০৬:৪০ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী দামের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। জনগণের দুর্ভোগ লাঘবে চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। শনিবার (১ আগস্ট) বিকেলে নাটোর জেলা ইসলামী আন্দোলনের মজলিসে শূরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের দিঘাপতিয়া মাদরাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক। মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারেও পড়েছে। একই সঙ্গে দেশে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। তিনি দাবি করেন, শেখ হাসিনা সরকারের সময় ভারতকে গ্যাস দেওয়ার পর থেকেই দেশে গ্যাস সংকট সৃষ্টি হয়েছে। তিনি ভারতকে গ্যাস সরবরাহ বন্ধ এবং ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত দেশবিরোধী চুক্তি বাতিলের আহ্বান জানান। তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা অনুধাবন করতে ব্যর্থ হলে সরকারকে চরম মূল্য দিতে হতে পারে। জুলাই সনদের আলোকে গণভোটের রায় বাস্তবায়ন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, বাজারে সিন্ডিকেট ও চাঁদাবাজি বন্ধ এবং দুর্নীতি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, সরকারের এক মন্ত্রীর 'চাঁদাবাজি পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়'—এমন মন্তব্য চাঁদাবাজদের উৎসাহিত করবে। পাশাপাশি তিনি সমকামিতা ও ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে সরকারের নীতির সমালোচনা করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) মুফতি হাজী শেখ নূরুননবী। এছাড়া জাতীয় শিক্ষক ফোরামের সেক্রেটারি জেনারেল আব্দুস সবুর বিএসসি এবং জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শূরা অধিবেশনে মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকীকে সভাপতি ও মাওলানা খলিলুর রহমানকে সেক্রেটারি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা কমিটি ঘোষণা করা হয়। পরে প্রধান অতিথি নবনির্বাচিত নেতাদের শপথবাক্য পাঠ করান। আইও/ |