সড়কে একসঙ্গে প্রাণ গেল একই মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের
প্রকাশ: ০২ আগস্ট, ২০২৬, ০৫:১৪ বিকাল
নিউজ ডেস্ক

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের চৌধুরীহাট এলাকার পুরোনো মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইছাখালী ইউনিয়নের চরশরৎ এলাকার আব্দুস সালামের ছেলে জয়নাল আবেদিন (৩৮) এবং মঘাদিয়া ইউনিয়নের মঘাদিয়া এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে জহির উদ্দিন (৫২)। জয়নাল আবেদিন ইছাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ওলামা দলের সভাপতি এবং দরগাহপাড়া কালা পীরশাহ জামে মসজিদের ইমাম ছিলেন। জহির উদ্দিন একই মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বারইয়ারহাট পৌরবাজারে কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন জয়নাল আবেদিন ও জহির উদ্দিন। পথে চৌধুরীহাট এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাছবাহী পিকআপ তাদের মোটরসাইকেলকে সামনে থেকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাফায়াত হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ঘাতক পিকআপটি শনাক্ত এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আইও/