
|
বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ:
০১ আগস্ট, ২০২৬, ০৬:৩৩ বিকাল
নিউজ ডেস্ক |
জুলাই অভ্যুত্থানের পর মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা ব্যর্থ হলে শুধু সরকার নয়, সংশ্লিষ্টরাই জবাবদিহির মুখে পড়বেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বিএনপি সরকার ব্যর্থ হলে দেশের মানুষের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠবে। তার ভাষায়, দেশের ইতিহাসে বর্তমান সরকারের মতো নিষ্ঠাবান সরকার ও প্রধানমন্ত্রী আর আসেননি। শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যখাতে অবহেলা বা অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সবাই আন্তরিকভাবে দায়িত্ব পালন করলে দেশের স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং জনগণ কাঙ্ক্ষিত সেবা পাবে। প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, দেশের অর্থনীতিকে সচল রাখতে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের পাঠানো বৈদেশিক মুদ্রা দেশের রিজার্ভকে শক্তিশালী রাখছে। তাই সুস্থ, দক্ষ ও কর্মক্ষম নতুন প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন। মন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড, ফার্মেসি ও অন্যান্য সেবা ইউনিট ঘুরে দেখেন। রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান, ওষুধের সরবরাহ ও হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসপাতালের আশপাশের দুটি বেসরকারি ক্লিনিক সিলগালার নির্দেশ দেন তিনি। পাশাপাশি সরকারি অফিস চলাকালে বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে দুই চিকিৎসককে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশও দেওয়া হয়। আইও/ |