ফিলিস্তিনের গ্রামে ঢুকে মিছিল করল ইসরায়েলি বসতিরা
প্রকাশ: ০১ আগস্ট, ২০২৬, ০৪:১৭ দুপুর
নিউজ ডেস্ক

অধিকৃত পশ্চিম তীরের নাবলুস-সংলগ্ন ফিলিস্তিনের গ্রাম তাল এবং সারার ভেতর দিয়ে মিছিল করেছে একদল ইসরায়েলি বসতি স্থাপনকারী। এ সময় তাদের সঙ্গে দেশটির সামরিক বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ফিলিস্তিনি বাসিন্দাদের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসরায়েলি সেনাদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বসতি স্থাপনকারীরা গ্রাম দুটির ভেতরের রাস্তা ব্যবহার করে উসকানিমূলকভাবে হেঁটে যান। মিছিল চলাকালে পশ্চিম তীরের তাল গ্রামের কাছে একটি কবরস্থানে ব্যাপক ভাঙচুর চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা।

তাণ্ডব চালিয়ে তারা মৃত ফিলিস্তিনিদের ওপর তৈরি স্মৃতিফলক ও পাথরের কাঠামো ভেঙে চুরমার করে দিয়েছে।

পশ্চিম তীরে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের এমন উপস্থিতি ও তৎপরতা বৃদ্ধিতে স্থানীয় ফিলিস্তিনি জনগোষ্ঠীর নিরাপত্তা ও সার্বিক পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় মানবাধিকারকর্মীরা।

গ্রামের বাসিন্দারা আলজাজিরাকে জানান, ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওই মিছিলে সরাসরি সুরক্ষা দিচ্ছিল ইসরায়েলি সামরিক বাহিনী। বসতি স্থাপনকারীদের তাণ্ডবের প্রতিবাদ করতে গেলে ফিলিস্তিনিদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ইসরায়েলি সেনারা।

এসএইচ/