
|
নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা
প্রকাশ:
১১ জুন, ২০২৬, ০৩:৫৬ দুপুর
নিউজ ডেস্ক |
আগামী ২০২৬–২০২৭ অর্থবছরে কারিগরি ও মাদরাসা শিক্ষা খাতে বরাদ্দ ধরা হয়েছে ১৮ হাজার ৪৫৯ কোটি টাকা। যা আগের অর্থবছরের ১২ হাজার ৬৭৮ কোটি টাকার তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এই তথ্য জানানো হয়। বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে মন্ত্রিসভা বৈঠকে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবিত বাজেট অনুযায়ী, শিক্ষা খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬২০ কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ২ শতাংশ। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বরাদ্দ ৫৭ হাজার ৩০২ কোটি টাকা এবং প্রাথমিক শিক্ষা খাতে বরাদ্দ ৪৬ হাজার ৭৩৮ কোটি টাকা। অন্যদিকে, ২০২৫–২৬ অর্থবছরে মোট জাতীয় বাজেট ধরা হয়েছিল প্রায় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। ওই বাজেটে শিক্ষা খাতের দুই মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল ৯৫ হাজার ৬৪৪ কোটি টাকা, যা মোট বাজেটের প্রায় ১২ দশমিক ১ শতাংশ। এর আগের ২০২৪–২৫ অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মিলিয়ে মোট বরাদ্দ ছিল ৯৪ হাজার ৭১০ কোটি টাকা। ওই সময় জাতীয় বাজেট ছিল প্রায় ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। দীর্ঘদিন ধরেই জাতীয় বাজেটের অন্তত ২০ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়ে আসছেন সংশ্লিষ্টরা। তবে বাস্তবে বরাদ্দ সেই লক্ষ্য থেকে এখনও অনেক দূরে রয়েছে। আরএইচ/ |