শুরু হচ্ছে হিফজুল কুরআন প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন পাবেন ৫ লাখ টাকা
প্রকাশ: ১১ জুন, ২০২৬, ১১:৫৫ দুপুর
নিউজ ডেস্ক

দেশব্যাপী পবিত্র কুরআনের হাফেজদের মেধা ও যোগ্যতা যাচাই এবং তাদের উৎসাহিত করতে ‘ন্যাশনাল হিফজুল কুরআন কম্পিটিশন-২০২৬’-এর আয়োজন করতে যাচ্ছে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন।

আগামী ১ জুলাই থেকে এ প্রতিযোগিতার কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে সারাদেশের জেলা ও মহানগর পর্যায়ে অডিশন অনুষ্ঠিত হবে। পরে ঢাকায় ফাইনাল অডিশনের মাধ্যমে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পাবেন মোট ৫ লাখ টাকা পুরস্কার, যার মধ্যে প্রতিযোগীকে দেওয়া হবে ৪ লাখ টাকা এবং তাঁর উস্তায বা প্রতিষ্ঠানকে দেওয়া হবে ১ লাখ টাকা। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার প্রদান করা হবে।

প্রথম রানারআপ পাবেন ৩ লাখ টাকা। এর মধ্যে প্রতিযোগী পাবেন ২ লাখ ৫০ হাজার টাকা এবং উস্তায বা প্রতিষ্ঠান পাবেন ৫০ হাজার টাকা। দ্বিতীয় রানারআপের জন্য থাকছে ২ লাখ টাকা পুরস্কার, যার মধ্যে প্রতিযোগী পাবেন ১ লাখ ৫০ হাজার টাকা এবং উস্তায বা প্রতিষ্ঠান পাবেন ৫০ হাজার টাকা। বিজয়ীদের জন্য থাকছে বিভিন্ন কোম্পানির আকর্ষণীয় গিফট হ্যাম্পারও।

এছাড়াও সেরা দশ প্রতিযোগী এবং জেলা পর্যায়ে অংশগ্রহণকারী প্রতিযোগীদের জন্য থাকবে বিশেষ আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা।

এদিকে সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ের অডিশন কেন্দ্র নির্ধারণের জন্য আবেদন গ্রহণ চলছে। আগ্রহী মানসম্মত মাদরাসা ও মসজিদ কর্তৃপক্ষকে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

অডিশন কেন্দ্র হিসেবে নির্বাচিত হতে আবেদনকারী প্রতিষ্ঠানকে জেলা সদরে অথবা মহাসড়কের পাশে অবস্থিত হতে হবে। পাশাপাশি পরিপাটি, খোলামেলা পরিবেশ এবং প্রশস্ত হলরুমের ব্যবস্থা থাকতে হবে। নির্বাচিত প্রতিষ্ঠানকে প্রতিযোগিতার সহযোগী আয়োজক হিসেবে ঘোষণা করা হবে।

আবেদন পাঠানোর ই-মেইল ঠিকানা: jatiyokhatibfoundation@gmail.com।

এ বিষয়ে যোগাযোগের ঠিকানা: বিভাগীয় পরিচালক, ন্যাশনাল হিফজুল কুরআন কম্পিটিশন-২০২৬, চাঁনতারা টাওয়ার (২য় তলা), মৌচাক রোড, মাদানীনগর মাদরাসা সংলগ্ন, সানারপাড়, ঢাকা।

প্রতিনিধি/আইও