
|
‘ট্রান্সজেন্ডার বিয়ের নামে ধর্ম ও সমাজ কলুষিত করা হয়েছে’
প্রকাশ:
৩১ জুলাই, ২০২৬, ০৩:১৩ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক সাম্প্রতিক সময়ে পুরুষ থেকে রূপান্তরিত এক ব্যক্তির বিয়ের ঘটনাকে কেন্দ্র করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেছেন, ট্রান্সজেন্ডার বিয়ের নামে সমাজ, ধর্ম এবং বিয়ের মতো পবিত্র সামাজিক প্রতিষ্ঠানকে কলুষিত করা হয়েছে। সমাজের ভিত্তিমূলক মূল্যবোধ রক্ষায় রাষ্ট্রকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার (৩০ জুলাই) এক বিবৃতিতে ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, হাজার বছরের সামাজিক ঐতিহ্য, ধর্মীয় অনুভূতি ও পারিবারিক বন্ধনের ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করার অধিকার কারও নেই। এ ধরনের ঘটনায় রাষ্ট্রের নীরবতায় সচেতন মহলে উদ্বেগ তৈরি হয়েছে। তিনি বলেন, সমাজের মৌলিক মূল্যবোধ রক্ষায় রাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, নারী-পুরুষের বাইরে যে তৃতীয় লিঙ্গ রয়েছে, তা একটি বিরল জেনেটিক বিষয় এবং তারা সমাজে হিজড়া হিসেবে পরিচিত। তাদের প্রতি সমাজের সহানুভূতি ও সম্মান রয়েছে। তবে হিজড়া ও ট্রান্সজেন্ডারকে এক বিষয় হিসেবে দেখা ঠিক নয় বলে তিনি মন্তব্য করেন। তার দাবি, একটি জন্মগত বৈশিষ্ট্য হলেও অন্যটি ইচ্ছাকৃত পরিবর্তনের বিষয়। ইসলামী আন্দোলনের এ নেতা বলেন, ট্রান্সজেন্ডার বা এলজিবিটিকিউভিত্তিক রাজনৈতিক এজেন্ডার উৎপত্তি পশ্চিমা বিশ্বে। তার ভাষ্য অনুযায়ী, এ ধরনের ধারণা বাংলাদেশের সমাজ, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সাংঘর্ষিক। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রের নীরবতা এ ধরনের প্রবণতাকে পরোক্ষভাবে উৎসাহিত করতে পারে এবং এর ফলে সামাজিক স্থিতিশীলতা ও নারী-পুরুষের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিবৃতিতে তিনি ট্রান্সজেন্ডার বিয়ের মতো ঘটনাকে প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। আইও/ |