এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করলো ইসি
প্রকাশ: ৩০ জুলাই, ২০২৬, ০৮:২৫ রাত
নিউজ ডেস্ক

আওয়ার ইসলাম ডেস্ক:

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনসহ নির্বাচন কমিশনের (ইসি) মাঠপর্যায়ের বিভিন্ন সেবার ফি পুনর্নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে ইসির উপসচিব মো. শাহ আলমের সই করা এক জরুরি চিঠিতে নতুন ফি কাঠামো জানানো হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, এনআইডির দৃশ্যমান তথ্য প্রথমবার সংশোধনের জন্য আবেদন করলে ভ্যাটসহ ২৩০ টাকা ফি দিতে হবে। একই ধরনের তথ্য দ্বিতীয়বার সংশোধনের ক্ষেত্রে ভ্যাটসহ ৩৪৫ টাকা এবং তৃতীয়বার ও পরবর্তী প্রতিটি আবেদনের জন্য ভ্যাটসহ ৪৬০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে এনআইডি’র অভ্যন্তরীণ তথ্য-উপাত্ত সংশোধনের ক্ষেত্রে প্রথমবার আবেদনে ভ্যাটসহ ১১৫ টাকা, দ্বিতীয়বার আবেদনে ভ্যাটসহ ২৩০ টাকা এবং পরবর্তী যেকোনো আবেদনের জন্য ভ্যাটসহ ৩৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

হারানো জাতীয় পরিচয়পত্র পুনরায় উত্তোলনের জন্য সাধারণ ও জরুরি দুই ধরনের আবেদন ফি নির্ধারণ করেছে কমিশন। সাধারণ আবেদনের ক্ষেত্রে প্রথমবার কার্ড তুলতে ১০০ টাকা, দ্বিতীয়বার ৩০০ টাকা এবং পরবর্তী যেকোনো আবেদনে ৫০০ টাকা ফি লাগবে। আর জরুরি ভিত্তিতে প্রথমবার উত্তোলনে ৩০০ টাকা, দ্বিতীয়বার ৫০০ টাকা এবং পরবর্তী যেকোনো আবেদনের ক্ষেত্রে ১০০০ টাকা দিতে হবে। উল্লিখিত হারানো কার্ড উত্তোলনের সব ফি’র সঙ্গেই ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য হবে।

দলীয় ও ভোটার সংক্রান্ত সেবার ক্ষেত্রেও নতুন ফি ধার্য করা হয়েছে। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০০ টাকা। এ ছাড়া নির্বাচনী দলিল দস্তাবেজ পরিদর্শন ও কপি সংগ্রহের জন্য ১০০ টাকা এবং ভোটার তালিকার সার্টিফাইড কপি পেতে দিতে হবে ১০০ টাকা। কেবল ভোটার তালিকা দেখার সুযোগ নিতে চাইলে ফি লাগবে ৫০ টাকা। তবে ছবি ছাড়া ভোটার তালিকার সিডি নিতে চাইলে প্রতিটি ইউনিয়ন, সিটি করপোরেশন কিংবা পৌর ওয়ার্ডের জন্য ৫০০ টাকা করে গুণতে হবে।

বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার চাহিদার ভিত্তিতে এনআইডি’র তথ্য-উপাত্ত যাচাই ও সরবরাহের সেবা ফি’র ক্ষেত্রেও সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে ইসি। সরকারি সংস্থা বা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের জন্য এককালীন নিবন্ধন ফি ৫ লাখ টাকা এবং বার্ষিক সাব-ইউজার বা নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা, যেখানে প্রতিটি তথ্য যাচাইয়ের জন্য প্রতিবার ২ টাকা করে দিতে হবে।

অপরদিকে, বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এককালীন নিবন্ধন ফি ৫ লাখ টাকা রাখার পাশাপাশি সাব-ইউজার সংখ্যা অনুযায়ী ফি নির্ধারণ করা হয়েছে। সে ক্ষেত্রে প্রথম ৭০টি সাব-ইউজারের প্রতিটির জন্য ৪ হাজার টাকা এবং পরবর্তী প্রতিটি সাব-ইউজারের জন্য ২ হাজার টাকা ফি লাগবে। বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোকে প্রতিবার তথ্য যাচাইয়ের জন্য ৫ টাকা করে ফি দিতে হবে।

আওয়ার ইসলাম/জেডএম