শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ
প্রকাশ: ৩০ জুলাই, ২০২৬, ০২:১১ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

লেখালেখি, সাহিত্যচর্চা ও সাংবাদিকতায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে দেশের স্বনামধন্য মিডিয়া প্ল্যাটফর্ম আওয়ার ইসলামের উদ্যোগে এবং বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের তত্ত্বাবধানে জনপ্রিয় ‘ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্স’-এর ১৬তম ব্যাচ শুরু হতে যাচ্ছে। ‘নিজেকে গড়াই হোক জীবনের প্রথম অঙ্গীকার’—এই স্লোগানকে সামনে রেখে আগামী ৭ আগস্ট (শুক্রবার) থেকে কোর্সটির কার্যক্রম শুরু হবে।

আয়োজকরা জানিয়েছেন, লেখালেখি, সাহিত্য ও সাংবাদিকতায় আগ্রহী তরুণ এবং উদীয়মান লেখকদের দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যেই এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কোর্সে তাত্ত্বিক পাঠের পাশাপাশি থাকবে নিয়মিত অনুশীলন, ব্যবহারিক প্রশিক্ষণ ও মূল্যায়ন।

কোর্সের বিশেষ সুবিধা

প্রতিটি ক্লাসে সমৃদ্ধ লেকচার শিট সরবরাহ করা হবে। নিয়মিত হোমওয়ার্ক ও অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীদের লেখালেখিতে দক্ষ করে তোলা হবে। কোর্স শেষে উত্তীর্ণদের সনদ প্রদান করা হবে। পাশাপাশি নির্বাচিত ১০ জনকে শীর্ষস্থানীয় নিউজরুমে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে।

এ ছাড়া সাংবাদিকতা ও লেখালেখিতে আগ্রহীদের কর্মসংস্থানে সার্বিক সহযোগিতা, কোর্স চলাকালীন জাতীয় দৈনিকে লেখা প্রকাশের সুযোগ, অতিথি প্রশিক্ষকদের সঙ্গে মতবিনিময় এবং প্রতিষ্ঠিত লেখকদের অভিজ্ঞতা জানার সুযোগও থাকবে। নিয়মিত পুরস্কারভিত্তিক ক্লাস ও বিভিন্ন সৃজনশীল আয়োজনেরও ব্যবস্থা রাখা হয়েছে।

যেসব বিষয়ে প্রশিক্ষণ

কোর্সে লেখালেখির মৌলিক প্রস্তুতি, রোজনামচা, ব্যবহারিক বানান, প্রবন্ধ, ছড়া, গল্প-উপন্যাস, ফিচার, অনুবাদ, প্রুফ ও সম্পাদনা, আবৃত্তি ও উচ্চারণ, সংবাদ ও সাংবাদিকতা, সাক্ষাৎকার গ্রহণ, অনলাইন সাংবাদিকতা, মোজো সাংবাদিকতা, ডিজিটাল ও মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং সংবাদপত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

অভিজ্ঞ প্রশিক্ষক প্যানেল

কোর্সে প্রশিক্ষণ দেবেন দেশের খ্যাতিমান আলেম, সাংবাদিক, লেখক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা। প্রশিক্ষক হিসেবে থাকবেন বিশিষ্ট আলেম ও মুহাদ্দিস মাওলানা আহমদ মায়মুন, মুহাম্মদ যাইনুল আবিদীন, জ্যেষ্ঠ সম্পাদক ও সাংবাদিক সরদার ফরিদ আহমেদ, আবৃত্তি শিল্পী বিএম হারিস, আলেম সাংবাদিক মুফতি এনায়েতুল্লাহ, জহির উদ্দিন বাবর, মুনীরুল ইসলাম, মুনিফ আম্মার, মাসউদুল কাদির, মিরাজ রহমান, হুমায়ুন আইয়ুব, আতাউর রহমান খসরু, জিয়াউল আশরাফ, আব্দুল্লাহ তামিম, আমিন ইকবাল ও কাওসার লাবীব।

কোর্সের সময়সূচি

আয়োজকরা জানান, প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হবে। তিন মাসব্যাপী এ কোর্সে মোট ২৪টি ক্লাস নেওয়া হবে। কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ২,৫০০ টাকা।

ক্লাস অনুষ্ঠিত হবে শেখ জনুরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদ্রাসা, চৌধুরীপাড়া, মালিবাগ, ঢাকায়। মালিবাগ আবুল হোটেল থেকে চৌধুরীপাড়া মসজিদ-ই-নূরের চতুর্থ তলায় ভেন্যুর অবস্থান।

কোর্সে ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীদের ০১৯০২-৮৯১৯৯৬ নম্বরে (বিকাশ নম্বরসহ) যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

আইও/