আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত
প্রকাশ: ৩০ জুলাই, ২০২৬, ১১:২৯ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

মিসরের বিশ্বখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য রাজধানীর উত্তরার দারুল আরকাম আল-ইসলামিয়ার রেকর্ডসংখ্যক ১৫ জন মেধাবী শিক্ষার্থীর মনোনয়ন উপলক্ষে সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) উত্তরার জমজম টাওয়ারের ১২তম তলায় আয়োজিত এ অনুষ্ঠানে দেশ-বিদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, আলেম, কূটনীতিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত উমর মহিউদ্দিন ফাহমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম, হাইয়াতুল উলয়ার কো-চেয়ারম্যান ও দারুল আরকাম ট্রাস্টের সভাপতি শায়খ সাজিদুর রহমান এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর মহাপরিচালক (ডিজি) ড. মহিবুল্লাহ আল-বাকি।

এছাড়া মিসরের গ্র্যান্ড মুফতি প্রফেসর ড. নাজির আইয়াদ ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন, আল-আজহার বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে ১৫ জন শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ অর্জন বাংলাদেশের ইসলামি শিক্ষার অঙ্গনে একটি গৌরবময় ও তাৎপর্যপূর্ণ মাইলফলক। তারা দারুল আরকাম আল-ইসলামিয়া, উত্তরার দীর্ঘদিনের শিক্ষা-ঐতিহ্য, মানসম্মত শিক্ষা কার্যক্রম এবং দক্ষ আলেম তৈরিতে প্রতিষ্ঠানটির অবদানের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানের শেষপর্বে আল-আজহারে অধ্যয়নের জন্য মনোনীত ১৫ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। তাদের সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, তারা উচ্চশিক্ষা শেষে দেশ, জাতি ও ইসলামের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় দারুল আরকাম আল-ইসলামিয়া, উত্তরা সংশ্লিষ্ট সকল অতিথি, শুভানুধ্যায়ী, অভিভাবক, সাংবাদিক এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতাকারী সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি এবং শিক্ষার্থীদের সফলতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

আইও/