তুরস্কের নেতৃত্বে একদিন জেরুজালেম মুক্ত হবে, ঘোষণা তুর্কি মন্ত্রীর
প্রকাশ: ১০ জুন, ২০২৬, ০৮:৩১ সকাল
নিউজ ডেস্ক

জেরুজালেম একদিন মুক্ত হয়ে আবার তুরস্কের নিয়ন্ত্রণে ফিরে আসবে বলে ঘোষণা দিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফচি।

শনিবার তুরস্কের চোরুম প্রদেশে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মুস্তাফা চিফচি বলেন, আমরা যেমন দামেস্ক ও আলেপ্পোর মুক্তি দেখেছি, তেমনি ইনশাআল্লাহ একদিন জেরুজালেমের মুক্তিও দেখব।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি আল্লাহ আমাদের সেই দিন দেখাবেন। অতীতে যেমন ছিল, তেমনি একদিন এসব অঞ্চল আবারও আমাদের কাছে ফিরে আসবে। ইনশাআল্লাহ, সেগুলো আমাদের শাসন ও কর্তৃত্বের অধীনে আসবে। কারণ আমাদের নেতৃত্বে রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের মতো একজন বিশ্বনেতা রয়েছেন।

তুর্কি মন্ত্রীর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর পরদিন রোববার এ বিষয়ে প্রতিক্রিয়া জানান ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ।

তিনি বলেন, যারা জেরুজালেম শাসনের স্বপ্ন দেখেন, তাদের মনে রাখা উচিত—জেরুজালেম কনস্টান্টিনোপল নয় এবং এটি কোনো ক্রুসেডার সাম্রাজ্যও নয়। এটি একটি শক্তিশালী ও দৃঢ়প্রতিজ্ঞ রাষ্ট্রের রাজধানী, যা যেকোনো হুমকির বিরুদ্ধে নিজেদের রক্ষা করার সক্ষমতা প্রমাণ করেছে।

 

কাটজ দাবি করেন, জেরুজালেম তিন হাজার বছর ধরে ইহুদি জনগণের রাজধানী ছিল এবং ভবিষ্যতেও ইসরায়েলের রাজধানী হিসেবেই থাকবে। অটোমান সাম্রাজ্য পুনরুজ্জীবনের যে স্বপ্ন দেখা হচ্ছে, তা অনেক আগেই ইতিহাসের অংশ হয়ে গেছে এবং আর কখনো ফিরে আসবে না।

তিনি তুরস্কের বর্তমান নেতৃত্বেরও সমালোচনা করেন। কাটজ বলেন, মুস্তাফা কামাল আতাতুর্ক তুরস্ককে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য কাজ করেছিলেন। কিন্তু বর্তমান নেতৃত্ব তার সেই উত্তরাধিকার থেকে শিক্ষা না নিয়ে দেশকে অতীতের অন্ধকার যুগে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে।

তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সময়ে ফিলিস্তিন ইস্যু, গাজা পরিস্থিতি এবং জেরুজালেমের মর্যাদা নিয়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ এই মন্তব্য-পাল্টা মন্তব্য দুই দেশের মধ্যকার রাজনৈতিক বাকযুদ্ধকে আরও উসকে দিয়েছে। সূত্র: মিডল ইস্ট মনিটর

জেডএম/