যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ
প্রকাশ: ২৯ জুলাই, ২০২৬, ০৬:৫৬ বিকাল
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রজুড়ে মসজিদ ও অন্যান্য ইসলামি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং বিদ্বেষমূলক হয়রানির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। দেশটির মুসলিম নাগরিক অধিকারবিষয়ক সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (কেয়ার) জানিয়েছে, চলতি বছরের মে থেকে জুলাই পর্যন্ত সময়ে এ ধরনের ঘটনার সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ১৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার প্রকাশিত কেয়ারের এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের মে, জুন এবং জুলাই মাসে ইসলামি স্থাপনাকে লক্ষ্য করে অন্তত ১৭টি ঘটনা নথিভুক্ত হয়েছে। অথচ ২০২৫ সালের একই সময়ে এমন ঘটনার সংখ্যা ছিল মাত্র ৬টি। অর্থাৎ মাত্র তিন মাসেই গত বছরের মোট নথিভুক্ত ঘটনার অর্ধেকেরও বেশি সংঘটিত হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, নথিভুক্ত ঘটনাগুলোর মধ্যে রয়েছে একটি মসজিদে হামলা, সহিংসতার হুমকি, অগ্নিসংযোগের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন এবং ধর্মীয় পরিচয়ের কারণে নতুন ইসলামি উপাসনালয় প্রতিষ্ঠায় বাধা দেওয়ার মতো ঘটনা।

কেয়ারের গবেষণা ও অ্যাডভোকেসি বিভাগের পরিচালক কোরি সেলর বলেন, যুক্তরাষ্ট্রে ইসলামবিদ্বেষ এখনো একটি সামাজিকভাবে গ্রহণযোগ্য ঘৃণার রূপ হিসেবে টিকে আছে। রাজনৈতিক বিদ্বেষ ও উসকানির কারণে মুসলিমদের উপাসনালয়গুলো ক্রমেই সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

তিনি বলেন, মসজিদ ও ইসলামি কেন্দ্রগুলো যেন নিরাপদে ইবাদত, আত্মিক বিকাশ এবং সামাজিক সম্প্রীতির স্থান হিসেবে টিকে থাকতে পারে, তা নিশ্চিত করতে স্থানীয় নেতৃত্ব ও সংশ্লিষ্ট সবার সতর্ক ও সক্রিয় থাকা প্রয়োজন।

প্রতিবেদনে আরও বলা হয়, কোনো বড় ধরনের বিদ্বেষমূলক ঘটনার পরবর্তী তিন মাসের পরিস্থিতি বিশ্লেষণ করে সহিংসতার প্রবণতা মূল্যায়ন করা হয়। এ প্রসঙ্গে গত ১৮ মে ক্যালিফোর্নিয়ার ইসলামিক সেন্টার অব সান ডিয়েগোতে সংঘটিত হামলার কথা উল্লেখ করা হয়েছে। ওই ঘটনায় মুসলিমবিদ্বেষী শ্বেতাঙ্গ উগ্রবাদীদের হাত থেকে শিশুদের রক্ষা করতে গিয়ে আমিন আবদুল্লাহ, মানসুর কাজিহা ও নাদির আওয়াদ নিহত হন।

কেয়ারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মসজিদ, ইসলামিক কমিউনিটি সেন্টার এবং মুসলিমদের উপাসনালয়ের বিরুদ্ধে ৩৩টি লক্ষ্যভিত্তিক হামলা বা হয়রানির ঘটনা শনাক্ত করা হয়েছে। এসব তথ্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত যাচাইযোগ্য তথ্যের ভিত্তিতে সংকলিত হয়েছে।

সংগঠনটির নিউ জার্সি শাখা (কেয়ার-এনজে) গত মে মাসে জানায়, অঙ্গরাজ্যটির অন্তত চারটি মসজিদ লক্ষ্য করে হুমকিমূলক ফোনকল, বিদ্বেষমূলক চিঠি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। একই সময়ে আইনশৃঙ্খলা বাহিনী আরও ছয়টি মসজিদে একই ধরনের হয়রানির তথ্য কেয়ারকে জানিয়েছে।

মসজিদ ও মুসলিম কমিউনিটির নিরাপত্তা জোরদারে কেয়ার কমিউনিটি নেতাদের জন্য হালনাগাদ ‘বেস্ট প্র্যাকটিসেস ফর মসক অ্যান্ড কমিউনিটি সেফটি গাইড’ প্রকাশের উদ্যোগ নিয়েছে। কেয়ার ও নর্থ আমেরিকান ইসলামিক ট্রাস্টের যৌথ উদ্যোগে আগামী আগস্টের শেষ দিকে গাইডটি প্রকাশ করা হবে। এর আগে সংশ্লিষ্টদের আগাম নিবন্ধনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সূত্র: আনাদোলু এজেন্সি

এসএইচ/