বগুড়ায় একই লাইনে মুখোমুখি দুই ট্রেন, আতঙ্কে লাফিয়ে আহত ৪ যাত্রী
প্রকাশ: ২৯ জুলাই, ২০২৬, ০৩:২৪ দুপুর
নিউজ ডেস্ক

বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর রেলস্টেশনে একই লাইনে মুখোমুখি চলে আসে দুই ট্রেন। আকস্মিক এ ঘটনায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন কয়েকজন যাত্রী। এতে অন্তত চারজন আহত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সুখানপুকুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কলেজ ট্রেনটি সুখানপুকুর স্টেশনে প্রবেশের সময় বিপরীত দিক থেকে পদ্মরাগ ট্রেনও একই লাইনে ঢুকে পড়ে। একপর্যায়ে দুই ট্রেনকে মুখোমুখি অবস্থায় দেখতে পান যাত্রীরা। এতে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় কয়েকজন যাত্রী চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন।

পরে স্টেশন কর্তৃপক্ষ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

সুখানপুকুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মতিন বলেন, কলেজ ট্রেনকে সিগন্যাল ও লাইন ক্লিয়ার না দেওয়ার আগেই ট্রেনটি স্টেশনে প্রবেশ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে দুটি ট্রেন কীভাবে একই সময়ে একই লাইনে প্রবেশ করল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

আইও/