
|
জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান
প্রকাশ:
২৮ জুলাই, ২০২৬, ০৭:৫৯ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল পুরোনো রাষ্ট্রব্যবস্থা পরিবর্তন করে নতুন বন্দোবস্তে দেশ পরিচালনা করা। সেই গণ-অভ্যুত্থানের প্রত্যাশার গুরুত্বপূর্ণ অংশ জুলাই সনদে প্রতিফলিত হয়েছে। তাই নতুন রাষ্ট্রপতি নির্বাচনও জুলাই সনদে বর্ণিত ঐকমত্যের ভিত্তিতেই হতে হবে। মঙ্গলবার (২৮ জুলাই) পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাই সনদে রাষ্ট্রপতি নিয়োগের বিষয়ে যেসব ধারায় রাজনৈতিক ঐকমত্য হয়েছে, সেগুলোর আলোকে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করা উচিত। সংবিধান সংশোধন না হওয়ার অজুহাতে পূর্বের ব্যবস্থায় রাষ্ট্রপতি নির্বাচন করা হলে তা জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল হবে। তিনি বলেন, প্রয়োজনে আগামী সংসদ অধিবেশনের শুরুতেই সংবিধান সংশোধন করে সেই সংশোধিত কাঠামোর ভিত্তিতে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। জেলা সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা নেছার উদ্দিন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পটুয়াখালী জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে কাজী গেলাম সরোয়ারকে সভাপতি, হাওলাদার মুহা. সেলিম মিয়া ও আব্দুল হাকিমকে সহ-সভাপতি, আর. আই. এম. অহিদুজ্জামানকে সাধারণ সম্পাদক এবং জাহিদ হোসেন লিটনকে যুগ্ম সম্পাদক (জয়েন্ট সেক্রেটারি) নির্বাচিত করা হয়। আইও/ |