সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা
প্রকাশ: ০৮ জুন, ২০২৬, ০৫:৪৭ বিকাল
নিউজ ডেস্ক

ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরের মালবিয়া নগরে রাস্তা প্রশস্তকরণে কাজে ৪৪ বছরের মসজিদ ভেঙে ফেলার খবর পাওয়া গেছে। ভাঙনকার্য পরিচালনার সময় নিরাপত্তা জোরদার করতে ৩ হাজার পুলিশ মোতায়েন করেছে প্রশাসন। 

সোমবার (৮ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম মুসলিম মিররে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

প্রতিবেদনের দেওয়া তথ্য অনুযায়ী, দীর্ঘদিনের যানজট নিরসনের লক্ষ্যে চলমান সড়ক প্রশস্তকরণ প্রকল্পের অংশ হিসেবে রোববার এই ভাঙচুর অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে জয়পুর প্রশাসন।   

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৩৯১ বর্গগজ জমির উপর ১৯৮১ সালে নির্মিত মসজিদটিতে চার দশকেরও বেশি সময় ধরে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হতো। উচ্ছেদ অভিযানের একই পর্যায়ে ভাঙন কর্মকর্তারা মসজিদটির পাশাপাশি একটি মাজার, দুটি ছোট মন্দির এবং একটি সৎসঙ্গ ভবনও খালি করেছেন।

সূত্র থেকে জানা যায়, সম্ভাব্য উত্তেজনার পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে প্রায় ৩,০০০ পুলিশ সদস্য মোতায়েন করে প্রশাসন। মালভিয়া নগরের কিছু অংশে ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছিল এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ফ্ল্যাগ মার্চ পরিচালনা করা হয়। 

কর্মকর্তারা জানিয়েছেন, এই সংবেদনশীল অভিযান চলাকালীন গুজব প্রতিরোধ এবং শান্তি নিশ্চিত করাই ছিল মূলত এই কড়া নিরাপত্তার ব্যবস্থা।

মসজিদ কমিটির উদ্বেগ

প্রতিবেদনে দেওয়া তথ্যমতে, মসজিদ কমিটির অভিযোগ, শুক্রবার রাতেই নোটিশটি পেয়েছেন, যার কারণে জবাব দেওয়ার বা আইনি ব্যবস্থাগ্রহণের যথেষ্ট পায়নি। কমিটির সদস্যরা জোর দিয়ে বলেন, জমিটি জয়পুর ডেভেলপমেন্ট অথরিটি (জেডিএ) অনুমোদিত একটি হাউজিং সোসাইটি থেকে বৈধভাবে কেনা হয়েছিল এবং ৪০ বছরেরও বেশি সময় ধরে ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে আসছিল।

তবে কমিটির এই দাবিকে প্রত্যাখ্যান করে, জেডিএ বলেছেন, ‘মসজিদটি ছিল একটি অবৈধ নির্মাণ যা কিনা  সড়ক প্রশস্তকরণ প্রকল্পে বাধা সৃষ্টি করছিল। সূত্রে জানা যায়, এর আগে প্রকল্পটির দ্বারা ক্ষতিগ্রস্ত ১৪৩টি সম্পত্তির বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছিল। এর মধ্যে মে মাসে ১৩৪টি স্থাপনা অপসারণ করা হয় এবং ধর্মীয় স্থাপনাসহ বাকি সম্পত্তিগুলোর বিষয়ে চলতি পর্যায়ে কাজ চলছে।

প্রতিবেদনের তথ্য থেকে আরও জানা যায়, জয়পুর প্রশাসন ক্ষতিপূরণ ও পুনর্বাসন সহায়তা হিসেবে মসজিদ কমিটিকে ‘খো নাগোরিয়ান’ এলাকায় প্রায় ১,১০০ বর্গগজ বিকল্প জমি দেওয়ার প্রস্তাব দিয়েছে।

সূত্র: মুসলিম মিরর

জেডএম/