সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি
প্রকাশ: ২৮ জুলাই, ২০২৬, ০৪:১২ দুপুর
নিউজ ডেস্ক

কুমিল্লা প্রতিনিধি:

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী ও দাওয়াহভিত্তিক সংগঠন পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ।

মঙ্গলবার (২৮ জুলাই) পরিচালিত এ কর্মসূচির আওতায় পেরিয়া ইউনিয়নের বিভিন্ন স্কুল, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান এবং সাধারণ মানুষের মাঝে বিভিন্ন জাতের ১ হাজার ফলজ গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। একই সঙ্গে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক প্রচারণাও চালানো হয়।

কর্মসূচির শুরুতে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ‘একটি গাছ শুধু ছায়া বা ফলই দেয় না; এটি বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ, জীববৈচিত্র্য সংরক্ষণ, ভূমিক্ষয় রোধ এবং জলবায়ুর ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে। তাই প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেয়, তবে একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’

সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি ওমর ফারুক আনোয়ারী বলেন, ‘সমাজকল্যাণ, মানবসেবা, নৈতিক শিক্ষা এবং পরিবেশ সংরক্ষণে সংগঠনটি নিয়মিত বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ভবিষ্যতেও উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবু সালেহ মুহাম্মাদ সাদ উদ্দীন বলেন, ‘স্থানীয় সচেতন মহল মনে করছেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলোর এমন কার্যক্রম পরিবেশ রক্ষার আন্দোলনকে আরও গতিশীল করবে এবং নতুন প্রজন্মের মধ্যে সবুজায়নের গুরুত্ব সম্পর্কে ইতিবাচক সচেতনতা সৃষ্টি করবে।’

আইও/