
|
হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক
প্রকাশ:
০৮ জুন, ২০২৬, ০৮:৪৫ সকাল
নিউজ ডেস্ক |
হজ মৌসুমে হাজিদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে পরিচালিত কমিউনিটি সম্পৃক্ততা ও স্বেচ্ছাসেবী কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে মক্কা পৌরসভা। এ উদ্যোগে ৯ হাজার ৩০০ জনের বেশি স্বেচ্ছাসেবক অংশ নিয়ে লাখো হাজিকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করেছেন। পৌরসভার তথ্য অনুযায়ী, মক্কা ও পবিত্র স্থানগুলোজুড়ে স্বেচ্ছাসেবকরা মোট ৬ লাখ ২০ হাজার ঘণ্টারও বেশি সময় সেবামূলক কাজে ব্যয় করেছেন। তাদের এই কার্যক্রমের মাধ্যমে ৭ লাখ ৮ হাজারের বেশি হাজি উপকৃত হয়েছেন। এসব উদ্যোগ বাস্তবায়নে ৪১টি কমিউনিটি সংগঠন এবং ৩৪টি অলাভজনক সমিতি ও প্রতিষ্ঠান সহযোগিতা করেছে। কর্মসূচিগুলোর মধ্যে ছিল শতাধিক মাঠপর্যায়ের সেবামূলক ও সচেতনতামূলক কার্যক্রম, বিভিন্ন সভা, কর্মশালা, সমন্বয় বৈঠক এবং উন্নয়নমূলক উদ্যোগ। পৌরসভা জানিয়েছে, স্বেচ্ছাসেবী কার্যক্রমগুলোর অর্থনৈতিক প্রভাব ৩ কোটি ৫০ লাখ সৌদি রিয়ালের (প্রায় ৯৩ লাখ মার্কিন ডলার) বেশি। মক্কা পৌরসভার মতে, হজযাত্রীদের সেবায় পৌর কর্তৃপক্ষ, অলাভজনক প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবকদের মধ্যে কার্যকর সমন্বয় ও সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এ উদ্যোগ। সূত্র: আরব নিউজ জেডএম/ |