
|
শুধু সনদভিত্তিক শিক্ষা নয়, দক্ষতা অর্জনে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী
প্রকাশ:
০৭ জুন, ২০২৬, ০১:১৪ দুপুর
নিউজ ডেস্ক |
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্ব এখন দ্রুত পরিবর্তন হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির কারণে অনেক পুরোনো কাজের ধরন বদলে যাচ্ছে। কিছু পেশা কমে গেলেও নতুন অনেক সুযোগ তৈরি হচ্ছে। তাই এখন শুধু সনদভিত্তিক শিক্ষা নয়; বরং দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে। রোববার (৭ জুন) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের ইতিহাসে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বাধীনতা রক্ষায় ভূমিকা রেখেছেন, তাদের অবদানকে সম্মান জানাতে হবে। একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা এখন সময়ের দাবি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, প্রোগ্রামিং, ডিজিটাল উদ্যোক্তা, যোগাযোগ দক্ষতা ও আর্থিক জ্ঞান এখন সময়ের প্রয়োজন বলে উল্লেখ করে তিনি জানান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, ন্যানোটেকনোলজি, কোয়ান্টাম কম্পিউটিং ও থ্রিডি প্রিন্টিংয়ের মতো আধুনিক প্রযুক্তি সম্পর্কেও শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে। প্রধানমন্ত্রী আরও জানান, সরকার শিক্ষা ব্যবস্থাকে আরও কর্মমুখী ও বাস্তবভিত্তিক করার কাজ করছে। শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে সম্পর্ক বাড়ানো হচ্ছে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনার সঙ্গে কাজের অভিজ্ঞতাও অর্জন করতে পারে। তারেক রহমান বলেন, উচ্চশিক্ষা শেষ করেও অনেক তরুণ বেকার থাকেন। এর মূল কারণ ব্যবহারিক দক্ষতার অভাব। এই সমস্যা সমাধানে ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিসশিপ ও শিল্প-শিক্ষা সমন্বয় বাড়ানো হচ্ছে। জেডএম/
|