
|
আদালতের রায়ে রক্ষা পেল সাহারানপুরের শতবর্ষী ঐতিহাসিক মসজিদ
প্রকাশ:
২৬ জুলাই, ২০২৬, ০৮:২০ সকাল
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলায় জেলা প্রশাসকের (কালেক্টরেট) কার্যালয় চত্বরে অবস্থিত শতাধিক বছরের পুরনো একটি ঐতিহাসিক মসজিদ ভেঙে ফেলার নির্দেশ বাতিল করেছে আদালত। জেলা ও দায়রা জজ (ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্ট) নিম্ন আদালতের দেওয়া মসজিদ অপসারণের আদেশ শনিবার (২৫ জুলাই) বাতিল করে মুসলিম পক্ষের পক্ষে রায় দিয়েছেন। মামলার সূত্রে জানা যায়, কয়েকটি হিন্দু সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা মসজিদটি সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত হয়েছে অভিযোগ এনে আদালতে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে নিম্ন আদালত মসজিদটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল। তবে আপিল শুনানিতে মুসলিম পক্ষ মসজিদটির পক্ষে একাধিক ঐতিহাসিক দলিল ও প্রামাণ্য নথি আদালতে উপস্থাপন করে। তারা জানান, সংশ্লিষ্ট জমি মূলত ওয়ালিদ খান ও ইয়াকুব খানের নামে নিবন্ধিত ছিল। পরবর্তী সময়ে তারা কালেক্টরেট, ট্রেজারি ও তহসিল ভবন নির্মাণের জন্য ওই জমি দান করেন। এছাড়া আদালতে ১৯১১ সালের একটি বিদ্যুৎ বিলও প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়, যা মসজিদটির ঐতিহাসিক অস্তিত্বের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হয়। উপস্থাপিত নথি ও প্রমাণ পর্যালোচনা করে জেলা ও দায়রা জজ নিম্ন আদালতের মসজিদ ভাঙার নির্দেশ সম্পূর্ণ বাতিল করেন। এর ফলে শতবর্ষী ঐতিহাসিক মসজিদটি বড় ধরনের আইনি সুরক্ষা পেল। রায়ের পর স্থানীয় বাসিন্দা ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে স্বস্তি প্রকাশ করা হয়েছে। অনেকেই এই রায়কে ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ এবং প্রামাণ্য নথির ভিত্তিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন। সূত্র: ইউএনএ নিউজ আওয়ার ইসলাম/জেডএম |