
|
টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৯ শিক্ষার্থী
প্রকাশ:
০৫ জুন, ২০২৬, ০৫:৪৩ বিকাল
নিউজ ডেস্ক |
মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নে টানা ৪১ দিন মসজিদে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পুরস্কার হিসেবে বাইসাইকেল পেয়েছে ৯ শিশু-কিশোর শিক্ষার্থী। এছাড়া আরও ২৯ জনকে সম্মাননা ক্রেস্ট এবং দুজনকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ব্যতিক্রমধর্মী এই আয়োজন করেছে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সামাজিক সংগঠন ‘আধারা মানবকল্যাণ ফাউন্ডেশন’ শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর স্থানীয় আধারা মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ১০ থেকে ১৬ বছর বয়সী ৩২ জন শিশু-কিশোরের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, ‘৪১ দিনের নামাজ প্রজেক্ট’-এর আওতায় শিশু-কিশোরদের নিয়মিত মসজিদমুখী ও নামাজের প্রতি আগ্রহী করে তুলতে এ উদ্যোগ গ্রহণ করা হয়। প্রকল্পটি বাস্তবায়নে এলাকার প্রবাসীরা আর্থিক সহায়তা প্রদান করেন। অনুষ্ঠানে আধারা মানবকল্যাণ ফাউন্ডেশনের সমন্বয়ক মো. অন্তর বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধারা মধ্যপাড়া জামে মসজিদের ইমাম মুফতি মো. শহীদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন মো. হাফিজুল বেপারী, মো. নাজমুল মিজি, মো. রোশাদ বেপারী, মো. ইমরান বেপারী, মো. পারভেজ বেপারী, মো. রিয়াজ খান, মো. দিপু, ফাহিম বেপারী, জুনায়েদ বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন প্রজন্মকে মসজিদ ও নামাজের সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি শিশু-কিশোরদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। বক্তারা আশা প্রকাশ করেন, দেশের অন্যান্য এলাকাতেও এ ধরনের উদ্যোগ ছড়িয়ে পড়বে এবং এর মাধ্যমে কিশোর-তরুণদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ আরও জোরদার হবে। জেডএম/ |