
|
পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান ইসলামী আন্দোলনের
প্রকাশ:
০৫ জুন, ২০২৬, ০৪:৫৯ দুপুর
নিউজ ডেস্ক |
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশব্যাপী অধিক হারে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার (৫ জুন) সকালে রাজধানীর ভাটারায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সভা ও পরিবেশ বিষয়ক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং তীব্র তাপদাহে জনজীবন দুর্বিষহ হয়ে উঠছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু নিয়ন্ত্রণে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করতে হবে। তিনি বলেন, বর্তমানে জলবায়ু অর্থায়ন আন্তর্জাতিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। প্রতি বছর পরিবেশ সংরক্ষণ, কার্বন নিঃসরণ হ্রাস, নবায়নযোগ্য জ্বালানি, বন সংরক্ষণ এবং জলবায়ু অভিযোজন প্রকল্পে শত শত বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু এসব অর্থ কতটা কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে এবং এর প্রকৃত হিসাব জনগণ জানতে পারছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন খাতে দুর্নীতি ও অর্থ পাচারের কারণে পরিবেশ ও জলবায়ু সংশ্লিষ্ট উদ্যোগগুলো কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারছে না। টেকসই ও জনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হলে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। সভায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা নুরুল ইসলাম নাঈম, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি মো. মাছউদুর রহমান, ডা. মুজিবুর রহমান, মুফতি নিজামউদ্দিন, মাস্টার ওয়ারেন্ট অফিসার (অব.) আমিনুল হক তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সোলাইমান, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, আলহাজ আলাউদ্দিন এবং মোহাম্মদ নাজমুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার ও জনগণের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। জেএম/ |