
|
জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই
প্রকাশ:
২৫ জুলাই, ২০২৬, ০৭:৪৬ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব পতিবেদক ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, দেশে শতাধিক রাজনৈতিক দল থাকলেও জাতীয় সংকটের মুহূর্তে অধিকাংশ দল দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। জুলাই অভ্যুত্থানের সময় অনেকেই দলীয় ব্যানারে বা প্রকাশ্যে আন্দোলনের নেতৃত্ব দিতে পারেনি। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কথা ও কাজের মিল রেখে আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে। জুলাই অভ্যুত্থানের দিনগুলোই তার জ্বলন্ত সাক্ষ্য। শনিবার (২৫ জুলাই) ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ‘নগর সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের শেষ পর্বে তিনি ঢাকা মহানগর দক্ষিণের নতুন কমিটিও ঘোষণা করেন। এতে শেখ ফজলুল করীম মারুফ সভাপতি এবং কে এম শরীয়াতুল্লাহ সেক্রেটারি নির্বাচিত হন। পীর সাহেব চরমোনাই বলেন, স্বাধীনতার পর যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, তাদের কেউই দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারেননি। বরং বারবার গণ-আন্দোলনের মাধ্যমে জনগণকে শাসক পরিবর্তন করতে হয়েছে। এটি জাতির জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। তিনি বলেন, দুর্নীতি, বৈষম্য ও বিদেশি প্রভাবমুক্ত রাষ্ট্র গঠনে কুরআনের আদর্শভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই। দেশের মানুষ এখন প্রকৃত মুক্তি চায় এবং কুরআনের শাসন দেখতে চায়। সম্মেলনে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসনব্যবস্থার পতন হয়েছে। কিন্তু সেই আন্দোলনের শিক্ষা উপেক্ষা করা হলে ভবিষ্যতে তার পরিণতি ভয়াবহ হতে পারে। তিনি অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়নের পরিবর্তে বিএনপি স্বৈরাচারী আচরণের দিকে এগোচ্ছে। তিনি জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়ন এবং দ্রুত সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠার দাবি জানান। সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম এবং সঞ্চালনা করেন নগর সেক্রেটারি আলহাজ আব্দুল আউয়াল মজুমদার। এতে দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দেন। সম্মেলনের শেষে পীর সাহেব চরমোনাই নতুন কমিটি ঘোষণা করেন। কমিটিতে শেখ ফজলুল করীম মারুফকে সভাপতি, জিএম রুহুল আমীন, আলহাজ আনোয়ার হোসেন, আলহাজ এম এইচ মোস্তফা, আলহাজ আব্দুল আউয়াল মজুমদার ও মাওলানা আব্দুর রাজ্জাককে সহ-সভাপতি এবং কে এম শরীয়াতুল্লাহকে সেক্রেটারি করা হয়েছে। এসএইচ/ |