দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল পদ্মায়
প্রকাশ: ০৫ জুন, ২০২৬, ১১:৪২ দুপুর
নিউজ ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭ নং ফেরিঘাট এলাকায় এসবি পরিবহনের যাত্রীবাহী বাস পন্টুন থেকে পদ্মায় পড়ে গেছে।

শুক্রবার (৫ জুন) সকালে এ ঘটনা ঘটে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭নং ফেরিঘাট পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। বাস থেকে যাত্রী নামানো অবস্থায় ছিল বলে মনে হচ্ছে।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বাস পদ্মায় ডুবে যাওয়ার ঘটনা শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।

স্থানীয় প্রশাসন আগেই নির্দেশ দিয়েছিল, ফেরিতে ওঠার আগে বাসের সব যাত্রীকে নামিয়ে দিতে হবে। সেই নির্দেশনা মেনে যাত্রীদের আগেই নামিয়ে দেয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে বাসটির চালক ও সহকারী (হেলপার) নদীতে পড়ে যান। পরে তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

জেডএম/