মাদক পরিবার-সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়: মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি
প্রকাশ: ২৫ জুলাই, ২০২৬, ১১:১১ দুপুর
নিউজ ডেস্ক

ময়মনসিংহ প্রতিনিধি: 

মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয় বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ। তিনি বলেন, আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও পারিবারিক দায়িত্ববোধ জোরদার না হলে মাদকের ভয়াবহতা রোধ করা সম্ভব নয়।

শুক্রবার (২৪ জুলাই) ময়মনসিংহের ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও ফুলপুর উপজেলা সভাপতি মুফতি আজিমউদ্দিন শাহ জামালী, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা ডা. আজহারুল, উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফারুক হোসাইন, ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন এবং খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মতিউর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তব্যে মুফতি মুহাম্মাদুল্লাহ বলেন,  একটি সন্তান মারা গেলে বাবা-মায়ের কষ্ট হয়, কিন্তু সময়ের সঙ্গে সেই ক্ষত কিছুটা শুকিয়ে যায়। অথচ একটি সন্তান যদি মদ, জুয়া বা মাদকে আসক্ত হয়, সে শুধু নিজেকে নয়, পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। এমনকি একটি জাতিকেও বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে।

তিনি বলেন, সরকার মাদকের বিরুদ্ধে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এসব আইন কার্যকরভাবে বাস্তবায়ন হলে মাদকের বিস্তার অনেকটাই কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সামাজিক দায়িত্বের বিষয়টি তুলে ধরে তিনি মহানবী (সা.)-এর হাদিস "কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসঊলুন আন রা'ইয়্যাতিহী" উদ্ধৃত করে বলেন, প্রত্যেক মানুষ নিজ নিজ অবস্থান থেকে একজন অভিভাবক এবং প্রত্যেককেই কিয়ামতের দিন তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। সন্তানদের নৈতিক শিক্ষা দেওয়া, সঠিক পথে পরিচালিত করা এবং উত্তম মানুষ হিসেবে গড়ে তোলা প্রত্যেক অভিভাবকের আমানত।

তিনি আরও বলেন, শুধু নিজের সন্তানের নয়, আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও সমাজের অন্যদের প্রতিও সবার দায়িত্ব রয়েছে। সমাজে কেউ মাদকাসক্ত বা বিপথগামী হলে তাকে নিয়ে উপহাস না করে সংশোধনের উদ্যোগ নিতে হবে। সচেতনতা ও সামাজিক উদ্যোগের অভাবেই সমাজে মাদকের বিস্তার বাড়ছে বলে তিনি মন্তব্য করেন।

সাংবাদিকদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, আপনাদের দায়িত্ব সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করা। গুজব বা শোনা কথার ভিত্তিতে নয়, যাচাই-বাছাই করে সত্য সংবাদ জনগণের সামনে তুলে ধরতে হবে। যে-ই হোক, যেকোনো দলেরই হোক, সত্য প্রকাশ করলে সমাজ উপকৃত হবে।

তিনি বলেন, প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি নিয়মিত আহ্বান জানিয়ে আসছেন। তবে কেবল আইন প্রয়োগ করে মাদক নির্মূল সম্ভব নয়; সমাজের প্রতিটি মানুষ সচেতন হলে এবং সম্মিলিতভাবে কাজ করলে এই ব্যাধি দূর করা সম্ভব।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। এ ব্যাধি নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাংবাদিক, সামাজিক সংগঠন, অভিভাবক ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির নেতৃবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।