
|
৪ দিনের ইসলাহি ও দাওয়াতি সফরে মালয়েশিয়ায় শায়খ মুফতী হাফীজুদ্দীন
প্রকাশ:
২৫ জুলাই, ২০২৬, ১১:০৯ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক: চার দিনব্যাপী ইসলাহি ও দাওয়াতি সফরে মালয়েশিয়া গেছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, শায়খুল হাদিস শায়খ মুফতী হাফীজুদ্দীন। তিনি জামিয়া শরইয়্যাহ মালিবাগ, ঢাকার ভাইস প্রিন্সিপাল এবং মুন্সিগঞ্জের দিঘীরপাড়ের পীর হিসেবে পরিচিত। শুক্রবার (২৪ জুলাই) রাত ১০টা ৫০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে বিমানে যাত্রা করেন তিনি। জানা গেছে, মালয়েশিয়া কমিউনিটি মাদানী ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে রাজধানী কুয়ালালামপুরে ২৫ থেকে ২৮ জুলাই পর্যন্ত চার দিনব্যাপী একটি ইসলাহি মজমার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন শায়খ মুফতী হাফীজুদ্দীন। তিনি প্রয়াত আওলাদে রাসুল (সা.) ফিদায়ে মিল্লাত আমিরুল হিন্দ সায়্যিদ আসআদ মাদানী (রহ.)-এর অন্যতম খলিফা। সফরকালে তিনি ঈমান-আমল, আত্মশুদ্ধি, সুন্নাহর অনুসরণ, জিকির-আযকার এবং ইসলামী জীবনব্যবস্থা বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান ও নসিহত পেশ করবেন। পাশাপাশি মালয়েশিয়ার বিভিন্ন স্থানে আয়োজিত দাওয়াতি ও ইসলাহী কর্মসূচিতেও অংশগ্রহণ করবেন। সফরের সময় তিনি কুয়ালালামপুরের হোটেল এম বার্টিকা মালুরি-তে অবস্থান করবেন বলে আয়োজকরা জানিয়েছেন। মাদানী ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ইসলাহি মজমায় অংশ নিয়ে দ্বীনি ফায়েজ ও রূহানি উপকারিতা অর্জনের আহ্বান জানানো হয়েছে। আওয়ার ইসলাম/জেডএম |