
|
১৭ বছর অপেক্ষার পর লটারিতে হজের সুযোগ পেল তুর্কি দম্পতি
প্রকাশ:
২৪ জুলাই, ২০২৬, ০৮:১৫ রাত
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটেছে তুরস্কের এক দম্পতির। অবশেষে দেশটির হজ লটারিতে নির্বাচিত হয়ে পবিত্র হজ পালনের সুযোগ পেয়েছেন মুহাম্মদ বাল ও তাঁর স্ত্রী। তুরস্কে হজযাত্রী নির্বাচন লটারির মাধ্যমে সম্পন্ন হয়। সেই লটারিতে বছরের পর বছর অপেক্ষার পর এবার তাদের নাম চূড়ান্ত হওয়ায় আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন মুহাম্মদ বাল। হজের সুযোগ পাওয়ার খবর শুনে অশ্রুসিক্ত কণ্ঠে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘদিনের প্রার্থনা ও ধৈর্যের পর অবশেষে পবিত্র মক্কা-মদিনার সফরের সুযোগ পাওয়াকে তিনি মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ বলে উল্লেখ করেন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় ১৭ বছর ধরে হজে যাওয়ার অপেক্ষায় ছিলেন এই দম্পতি। অবশেষে চলতি বছরের হজ লটারিতে তাদের নাম ওঠায় পরিবার-পরিজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। মুহাম্মদ বালের আবেগঘন প্রতিক্রিয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর হজের সুযোগ লাভের এ ঘটনা অনেকের কাছে ধৈর্য, আশা ও আল্লাহর ওপর ভরসার অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে। সূত্র: ইসলামিক ইনফরমেশন আইও/ |