
|
চুপ্পুর পদত্যাগকে স্বাগত, রাষ্ট্রপতি পদে ব্যক্তিত্ববান কাউকে চায় ইসলামী আন্দোলন
প্রকাশ:
২৪ জুলাই, ২০২৬, ০৬:৫৮ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগকে স্বাগত জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে একজন ব্যক্তিত্ববান ও দায়িত্বশীল ব্যক্তিকে নিয়োগ দেওয়া প্রয়োজন। শুক্রবার (২৪ জুলাই) সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। মাওলানা গাজী আতাউর রহমান বলেন, অবশেষে সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করলেন। ফ্যাসিবাদের পতনের পরপরই তার পদত্যাগ প্রত্যাশিত ছিল। কিন্তু রাজনীতির নানা অন্তঃস্রোতের কারণে তিনি এতদিন বঙ্গভবনে অস্বস্তির কারণ হয়ে টিকে ছিলেন। তার পদত্যাগকে আমরা স্বাগত জানাই। তিনি বলেন, রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক পদমর্যাদার সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত থাকলেও বর্তমান সাংবিধানিক কাঠামোয় রাষ্ট্রপতির ক্ষমতা অত্যন্ত সীমিত। এর ফলে রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য ক্ষুণ্ন হয়েছে বলে তিনি মন্তব্য করেন। ইসলামী আন্দোলনের মহাসচিব আরও বলেন, রাষ্ট্রের বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্রপতিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। কিন্তু বিদ্যমান সাংবিধানিক ব্যবস্থায় তিনি কার্যত নখদন্তহীন। জুলাই গণ-অভ্যুত্থানের পর জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে এসেছে এবং তার আংশিক প্রতিফলন জুলাই জাতীয় সনদেও রয়েছে। নতুন রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে একজন ব্যক্তিত্বসম্পন্ন, গ্রহণযোগ্য ও রাষ্ট্র পরিচালনার জটিল বাস্তবতা মোকাবিলায় সক্ষম ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার আহ্বান জানান মাওলানা গাজী আতাউর রহমান। একই সঙ্গে রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা ও দায়িত্বের বিষয়টি বিবেচনায় রেখে প্রয়োজনীয় সংস্কারেরও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আইও/ |