
|
ঈদযাত্রায় সারাদেশে ২৯২টি সড়ক দুর্ঘটনা, হতাহত ১১১৮ জন
প্রকাশ:
০৪ জুন, ২০২৬, ১১:৫৬ দুপুর
নিউজ ডেস্ক |
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ২১ মে থেকে ২ জুন পর্যন্ত ১৩ দিনে সারাদেশে ২৯২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় মোট ২৮১ জন নিহত এবং ৮৩৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) রোড সেফটি ফাউন্ডেশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২৪ জন, যা মোট প্রাণহানির ৪৪ দশমিক ১২ শতাংশ। এ ছাড়া, দুর্ঘটনায় ৩৭ জন পথচারী ও ৩৩ জন যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন। এ সময়ে ১৩টি নৌ-পথ দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৫ আহত হয়েছেন। এ ছাড়া, ২২টি রেলপথ দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। এদিকে, মোটরসাইকেল চালক ও আরোহী ১২৪ জন, বাসযাত্রী ২১ জন, ট্রাক ও পণ্যবাহী যানবাহনের আরোহী ৩২ জন, প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্সে ১১ জন, থ্রি-হুইলার যাত্রী ৪৮ জন এবং স্থানীয় যানবাহনে ৮ জন নিহত হয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশন আরও জানায়, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ৯৫টি দুর্ঘটনায় ১০১ জন নিহত। সিলেট বিভাগে সবচেয়ে কম ৯টি দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। একক জেলা হিসেবে ফরিদপুর জেলায় সবচেয়ে বেশি ১৯টি দুর্ঘটনায় ২৮ জন নিহত হয়েছেন। জেডএম/ |