ভারতের ‘তেলাপোকা জনতা পার্টি’র নতুন তিন মুখপাত্র
প্রকাশ: ০৪ জুন, ২০২৬, ১০:২৮ দুপুর
নিউজ ডেস্ক

সাম্প্রতিক ভারতে আলোড়ন সৃষ্টিকারী ‘তেলাপোকা জনতা পার্টি (সিজেপি) বুধবার তিনজন মুখপাত্র নিয়োগ দিয়েছে। ভারতের শিক্ষা খাতের প্রাতিষ্ঠানিক ব্যর্থতার বিরুদ্ধে এটি একটি বড় প্রতিবাদ কর্মসূচির প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বুধবার (৩ মে) আন্তর্জাতিক গণমাধ্যম মুসলিম মিররে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের দেওয়া তথ্যমতে, সমাজকর্মী অভিজিৎ দীপকের প্রতিষ্ঠিত এই দলে প্রধান মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ভারতের অনুসন্ধানী সাংবাদিক হিসেবে পরিচিত মুখ সৌরভ দাসকে। তার পাশাপাশি রাজনৈতিক গবেষক ও চলচ্চিত্র নির্মাতা বিজেতা দাহিয়া এবং প্রাক্তন ব্যবস্থাপনা পরামর্শক আশুতোষ রাঙ্কাকেও নেওয়া হয়েছে এই পদে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর একটি বার্তায় দলটির বলছে, ‘সিজেপি ভারতের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ। এর নেতৃত্ব দেবে নতুন একটি প্রজন্ম।’

দলটির নতুন এই মুখপাত্রদের অভিজ্ঞতা তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, সৌরভ দাসের আইনি, বিচারিক এবং সামাজিক বিষয়াবলী নিয়ে কাজ করার ব্যাপক অভিজ্ঞতা আছে। ২০২৫ সালের নভেম্বরে তিনি ইন্ডিয়া গেটে অনুষ্ঠিত বহুল আলোচিত দূষণবিরোধী বিক্ষোভে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।

দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (ডিটিইউ)-র স্নাতক বিজেতা দাহিয়া একজন বহুমুখী ব্যক্তিত্ব। তিনি একাধারে রাজনৈতিক গবেষক, লেখিকা এবং চলচ্চিত্র নির্মাতা। বেশ ক’জন জনপ্রিয় ইউটিউব ক্রিয়েটরের জন্য গবেষণা ও কনটেন্ট তৈরিতে অবদান রেখেছেন। ‘পাওয়ার অফ ইউনিভার্স’ এবং ‘টু হেল উইথ দ্যাট জব’ নামে দুটি বই লিখেছেন এই নতুন সিজেপি নেত্রী। ‘দারারেন’ ও ‘অপরি পারাই’ নামে দুটি হরিয়ানভি চলচ্চিত্র রচনা ও পরিচালনা করেছেন তিনি।

আশুতোষ রাঙ্কার ব্যাপারে প্রতিবেদন বলছে, আইআইটি কানপুর এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের প্রাক্তন ছাত্র তিনি। পূর্বে লন্ডনে ম্যাককিনজি অ্যান্ড কোম্পানিতে দীর্ঘদিন ছিলেন কর্মরত। গত বছর ভারতে ফিরে এসে জয়পুরে পরিবেশগত সমস্যা, শিক্ষা সংস্কার এবং যুবকদের উদ্বেগ, বিশেষ করে নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি সম্পর্কিত জনসচেতনতামূলক প্রচারাভিযানে সক্রিয়ভাবে জড়িত হন।

সূত্রে জানা যায়, আগামী ৬ জুন অভিজিৎ দীপকের ভারতে ফেরার নির্ধারিত দিনের মাত্র কয়েক দিন আগেই এই নিয়োগগুলো করা হয়েছে। কথিত নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস এবং সিবিএসই (CBSE) পরীক্ষা পদ্ধতিতে বারবার ত্রুটির জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপি (CJP) প্রতিষ্ঠাতা দিল্লিতে একটি শান্তিপূর্ণ বিক্ষোভের নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, মাত্র এক মাসের যাত্রা আলোচিত এই দলের। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটির সূচনা। বিশেষ করে শিক্ষাব্যবস্থা নিয়ে হতাশ ছাত্রছাত্রী ও তরুণ নাগরিকদের মধ্যে দ্রুত ব্যাপক জনপ্রিয়তা লাভ দলটি। যুব-কেন্দ্রীক সংস্কার এবং জবাবদিহিমূলক শাসনের পক্ষে নতুন ভূমিকা রাখছে এই দল।

সূত্র: মুসলিম মিরর

জেডএম/