
|
সরকার জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে: পীর সাহেব চরমোনাই
প্রকাশ:
২৪ জুলাই, ২০২৬, ০২:৫৪ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, জুলাই-পরবর্তী সময়ে জনগণ যাদের হাতে দেশের দায়িত্ব দিয়েছে, তারা দেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে না। তিনি অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহাই প্রমাণ করে যে সরকার জনগণের ‘পালস’ বুঝতে ব্যর্থ হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পীর সাহেব চরমোনাই বলেন, ভালো নেতা ও ভালো নীতি ছাড়া জাতির মুক্তি সম্ভব নয়। নেতৃত্ব ও নীতির সমন্বয় না হলে দেশের উন্নয়ন, নিরাপত্তা ও সুশাসনের স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না। দুর্নীতি, চাঁদাবাজি ও মাদক নির্মূলে ইসলামের আদর্শের বিকল্প নেই। তিনি বলেন, কালো বর্ণের মানুষের নাম সাদা মিয়া রাখলে যেমন সে সাদা হয়ে যায় না, তেমনি ইসলামের নাম ব্যবহার করে অনৈতিকতা, উচ্ছৃঙ্খলতা ও ধোঁকাবাজি করলে তা ইসলাম হয়ে যায় না। বরং ইসলামের নামে অনৈসলামিক কর্মকাণ্ড পরিচালিত হলে ইসলামই কলঙ্কিত হয়। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সরকারদলীয় হুইপ মিয়া নুর উদ্দিন আহমেদ অপুর ‘চাঁদাবাজি নির্মূল করা যাবে না’—এমন বক্তব্য অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, জনগণ সরকারকে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত দেশ গড়ার জন্য ক্ষমতায় এনেছে। যদি সরকার সেটিই করতে ব্যর্থ হয়, তাহলে তাদের দায়িত্ব কী? তিনি আরও বলেন, সরকার এক কোটি বেকারের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে বিভিন্ন শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়ায় কর্মসংস্থান সংকুচিত হচ্ছে। গাজী আতাউর রহমান অভিযোগ করেন, বর্তমানে জাতীয় সংসদে কার্যকর কোনো বিরোধী দল নেই। তার ভাষায়, জামায়াত জোটের সংসদ সদস্যরা সরকারের তল্পিবাহকে পরিণত হয়েছে। তারা সংসদে নামমাত্র বিরোধিতা করলেও জনগণের স্বার্থে কার্যকর ভূমিকা রাখছে না। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে বিরোধী দল শক্ত অবস্থান নিতে ব্যর্থ হলেও ইসলামী আন্দোলন মাঠের বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, ইসলামের নামে কিছু রাজনৈতিক কর্মকাণ্ড ইসলামের মর্যাদা ক্ষুণ্ন করছে। তিনি সংশ্লিষ্টদের সঠিক ইসলামী আদর্শ অনুসরণের আহ্বান জানান। সমাবেশে প্রধান বক্তা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী আলহাজ আতিকুর রহমান মুজাহিদ বলেন, ইসলামী যুব আন্দোলনের কর্মীরা দেশপ্রেমিক জনশক্তি হিসেবে দেশের বিভিন্ন সংকটে ভূমিকা রেখেছে। তিনি জানান, সংগঠনটি বর্তমানে সারাদেশে বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ এবং বেকার যুবকদের কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার কার্যক্রম পরিচালনা করছে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা অলিউল্লাহ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে যৌথভাবে সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন এবং দক্ষিণের সাধারণ সম্পাদক নেসার উদ্দিন হুজাইফ। এ সময় আরও বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা হাম্মাদ বিন মোশাররফ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা ইলিয়াস হাসান, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা আল আমীন, প্রচার সম্পাদক মুফতি আবু বকর সিদ্দীক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তাফিজুর রহমান, মহিলা ও পরিবারকল্যাণ সম্পাদক মুফতি হাফিজুল হক ফাইয়াজ, মাওলানা আল আমীন সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ। আইও/ |