আসুন সন্তানকে শিক্ষিত বানানোর আগে মানুষ বানাই: শায়খ আহমাদুল্লাহ
প্রকাশ: ০২ জুন, ২০২৬, ০৬:৩৮ বিকাল
নিউজ ডেস্ক

রাজধানীতে এক বৃদ্ধার নিঃসঙ্গ ও করুণ মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সমাজের নৈতিক অবক্ষয়, পারিবারিক বন্ধনের দুর্বলতা এবং তথাকথিত সাফল্যের মোহ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট দাঈ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

মঙ্গলবার (২ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, কয়েক দিন আগে রাজধানীর একটি বাসা থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ সময় ধরে ঘরে পড়ে থাকার কারণে মরদেহে পচন ধরেছিল। অথচ ওই বৃদ্ধার সন্তানদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং আরেকজন প্রবাসী বলে তিনি উল্লেখ করেন।

শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, সমাজে অধিকাংশ বাবা-মা তাদের সন্তানদের যে জাগতিক সাফল্যের শিখরে দেখতে চান, ওই বৃদ্ধার সন্তানরা সেই অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছেন। কিন্তু কর্মব্যস্ততা ও ব্যক্তিকেন্দ্রিক জীবনের কারণে মায়ের খোঁজ নেওয়ার সুযোগ বা মানসিকতা তাদের মধ্যে ছিল কি না, সে প্রশ্ন এখন সামনে চলে এসেছে।

তিনি বলেন, যে সাফল্য মানুষকে বাবা-মায়ের প্রতি দায়িত্ববোধ থেকে দূরে সরিয়ে দেয়, যে সাফল্য জীবনের শেষ মুহূর্তে মায়ের পাশে বসার সময়ও দেয় না, সে ধরনের সাফল্য প্রকৃত অর্থে মানবিক সাফল্য নয়।

ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, দীন, নৈতিকতা, পারিবারিক মূল্যবোধ ও মানবিক শিক্ষাকে উপেক্ষা করে কেবল বস্তুবাদী ও বৈষয়িক সাফল্যের পেছনে ছুটলে সমাজে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটতেই থাকবে। তাই সন্তানদের শুধু শিক্ষিত বা প্রতিষ্ঠিত করাই যথেষ্ট নয়; তাদের মানবিক, দায়িত্বশীল ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পোস্টের শেষাংশে শায়খ আহমাদুল্লাহ সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন, শিক্ষিত হওয়ার আগে মানুষ হই। সন্তানকে শিক্ষিত বানানোর আগে মানুষ বানাই।’

পোস্টের কমেন্টে তিনি লিখেন- সন্তানকে বিদেশে পাঠানো এখন সামাজিক মর্যাদা এবং অন্যের কাছে গল্প করার বিষয়ে পরিণত হয়েছে। অথচ সন্তান দূরে থাকা প্রত্যেক বাবা-মার জন্যই সীমাহীন কষ্টের বিষয়। তারপরও বস্তুবাদ ও বৈষয়িক মর্যাদার হাতছানিতে অধিকাংশ বাবা-মা সন্তানকে বিদেশে পাঠাতে মরিয়া। যার ফলাফল, বৃদ্ধ বয়সে বাবা-মার নিঃসঙ্গ জীবনযাপন। অথচ আমরা যদি অল্পে তুষ্ট থাকি, সন্তানকে গর্ব ও মর্যাদার কন্টেন্ট না বানিয়ে নিজের কাছে আগলে রাখি, তবে পরিবারবেষ্টিত আমাদের বার্ধক্যও হবে আনন্দময়।

জেডএম/