চট্টগ্রামে পুড়ে ছাই মাদরাসা, কর্তৃপক্ষের দাবি নাশকতা
প্রকাশ: ২৩ জুলাই, ২০২৬, ১২:৫৩ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের জালালাবাদ তা'লীমুল কুরআন বড় মাদরাসা ও এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হিফজখানা, শ্রেণিকক্ষ, পবিত্র কুরআন মাজিদ, শিক্ষাসামগ্রী ও এতিম শিক্ষার্থীদের ব্যবহার্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মাদরাসা কর্তৃপক্ষের দাবি, এটি পূর্বপরিকল্পিত নাশকতা এবং সন্ত্রাসীদের দেওয়া আগুনে এ ঘটনা ঘটেছে।

গত মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মাদরাসার প্রায় ৩২০ ফুট দীর্ঘ হিফজখানা, এতিমখানা, একাধিক শ্রেণিকক্ষ, আসবাবপত্র, পবিত্র কুরআন মাজিদ, শিক্ষার্থীদের বইপত্র, ধর্মীয় গ্রন্থ, এতিম শিশুদের কাপড়চোপড় এবং খাদ্যসামগ্রী সম্পূর্ণ পুড়ে যায়।

মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে হঠাৎ মাদরাসা ভবন থেকে আগুনের শিখা দেখতে পেয়ে তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুনের তীব্রতায় এর আগেই মাদরাসার অধিকাংশ স্থাপনা ও মূল্যবান মালামাল ভস্মীভূত হয়ে যায়।

অগ্নিকাণ্ডের বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষ অভিযোগ করে জানায়, দীর্ঘদিন ধরে এলাকার একটি প্রভাবশালী সন্ত্রাসী চক্র মাদরাসার জমি অবৈধভাবে দখলের চেষ্টা করে আসছিল। তাদের দাবি, ওই চক্র পরিকল্পিতভাবে আগুন দিয়ে এই নাশকতা ঘটিয়েছে।

এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন মাদরাসা কর্তৃপক্ষ, তা'লীমুল কুরআন কমপ্লেক্স চট্টগ্রাম, আল কুরআন ফাউন্ডেশন, কওমি মাদরাসা সংরক্ষণ পরিষদের নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী।

তারা বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের আওতায় এনে মাদরাসার ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা জরুরি।

আওয়ার ইসলাম/জেডএম