বিশ্বের সবচেয়ে বড় আরবি ক্যালিগ্রাফি গ্রন্থাগার মদিনায়
প্রকাশ: ২৩ জুলাই, ২০২৬, ১২:৪৫ দুপুর
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আরবি ক্যালিগ্রাফি ও সংশ্লিষ্ট শিল্পকলার সংরক্ষণ, গবেষণা এবং প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সৌদি আরবের পবিত্র মদিনায় প্রিন্স মোহাম্মদ বিন সালমান গ্লোবাল সেন্টার ফর অ্যারাবিক ক্যালিগ্রাফি। কেন্দ্রটির গ্রন্থাগারে বিশ্বের সবচেয়ে বড় এবং এ বিষয়ে প্রথম বিশেষায়িত লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে প্রায় ২ হাজার বিশেষায়িত গ্রন্থ এবং ৪৫০টিরও বেশি দুর্লভ সংস্করণের বই সংরক্ষিত রয়েছে।

লাইব্রেরিটিতে বিশ্বের ১১টি আন্তর্জাতিক ভাষায় প্রকাশিত আরবি ক্যালিগ্রাফিবিষয়ক বই ও গবেষণাপত্র রয়েছে। এর মাধ্যমে আরবি ক্যালিগ্রাফির ইতিহাস, নান্দনিকতা এবং বিভিন্ন শিল্পধারার সঙ্গে বিশ্বব্যাপী পাঠক ও গবেষকদের পরিচিত করা হচ্ছে।

গ্রন্থাগারের সংগ্রহে আরবি ক্যালিগ্রাফির ইতিহাস, উৎপত্তি ও বিকাশের বিভিন্ন ধাপের বিস্তৃত তথ্য সংরক্ষিত রয়েছে। পাশাপাশি বিখ্যাত ক্যালিগ্রাফারদের জীবন ও কর্ম, লেখার উপকরণ, কালি, কলম ও কাগজ তৈরির ঐতিহ্য, শিক্ষামূলক বই, অ্যালবাম এবং ক্যালিগ্রাফির বিভিন্ন শিল্পকর্মও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া ক্যালিগ্রাফির সহায়ক শিল্পকলার মধ্যে আলোকচিত্রভিত্তিক অলংকরণ (ইলুমিনেশন), নকশা (অর্নামেন্টেশন) এবং শিলালিপি (ইনস্ক্রিপশন) সম্পর্কিত সমৃদ্ধ সংগ্রহও রয়েছে। ফলে গবেষক, শিল্পী ও শিক্ষার্থীদের জন্য এটি একটি পূর্ণাঙ্গ জ্ঞানভান্ডার হিসেবে গড়ে উঠেছে।

গ্রন্থাগারে কেন্দ্রটির নিজস্ব গবেষণা প্রকাশনা, বিশেষায়িত বিশ্বকোষ, দেশি-বিদেশি প্রদর্শনী ও প্রতিযোগিতার ক্যাটালগ, পিয়ার-রিভিউড জার্নাল, সচিত্র পাণ্ডুলিপি এবং বিভিন্ন একাডেমিক গবেষণাপত্র ও থিসিস সংরক্ষিত রয়েছে।

একসঙ্গে ৬০ জন গবেষক ও দর্শনার্থীর গবেষণা ও অধ্যয়নের সুবিধা রয়েছে এই আধুনিক গ্রন্থাগারে। সংশ্লিষ্টরা বলছেন, আরবি ক্যালিগ্রাফির ঐতিহ্য সংরক্ষণ, গবেষণা এবং আন্তর্জাতিক পর্যায়ে এ শিল্পের প্রসারে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র: আরব নিউজ