
|
ভিসা ছাড়াই বাংলাদেশি নাগরিকরা এখন কতটি দেশে ভ্রমণ করতে পারে?
প্রকাশ:
২৩ জুলাই, ২০২৬, ১০:৩৭ দুপুর
নিউজ ডেস্ক |
আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বের শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের মধ্যবর্তী সংস্করণের হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশ ৯৭তম অবস্থানে উঠে এসেছে। এই অবস্থান উত্তর কোরিয়ার সঙ্গে যৌথভাবে ভাগ করে নিয়েছে বাংলাদেশ। আগের মতোই তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, আর সর্বশেষ অবস্থানে রয়েছে আফগানিস্তান। লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স এ সূচক প্রকাশ করে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট অনুযায়ী, কোনো দেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই (ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসার মাধ্যমে) কতটি দেশে ভ্রমণ করতে পারেন, তার ভিত্তিতেই এই সূচক তৈরি করা হয়। এবারের সূচকে ১৯৯টি পাসপোর্ট এবং ২২৭টি গন্তব্য মূল্যায়ন করা হয়েছে। সর্বশেষ সূচক অনুযায়ী, বাংলাদেশ ও উত্তর কোরিয়ার পাসপোর্টধারীরা এখন আগাম ভিসা ছাড়াই ৩৫টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন। তবে গত বছর বাংলাদেশি পাসপোর্টধারীরা একই সুবিধায় ৩৭টি গন্তব্যে যেতে পারতেন। গত বছরের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। এর আগে ২০২৪ সালে ৯৭তম, ২০২৩ সালে ১০১তম, ২০২২ সালে ১০৩তম, ২০২১ সালে ১০৮তম এবং ২০২০ সালে ৯৮তম স্থানে ছিল বাংলাদেশ। জেডএম |