বন্যাদুর্গত মানুষের পাশে দারুল উলূম হাটহাজারী
প্রকাশ: ২২ জুলাই, ২০২৬, ১১:১৯ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক:

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বৃহত্তর চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের চকরিয়া, বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার দুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা পৌঁছে দিতে দারুল উলূম হাটহাজারীর তত্ত্বাবধানে পরিচালিত ‘আল-মুঈন ত্রাণ তহবিল’-এর উদ্যোগে একটি প্রতিনিধি দল বুধবার (২২ জুলাই) ভোরে হাটহাজারী মাদরাসা থেকে রওনা হয়েছে।

প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দারুল উলূম হাটহাজারীর সিনিয়র মুহাদ্দিস আল্লামা ফোরকান আহমদ। প্রতিনিধি দলে আরও রয়েছেন মাদরাসার সিনিয়র উস্তাদ মাওলানা হাফেজ মুঈনুদ্দীন, মাওলানা নিজাম সাইয়্যিদ, মাওলানা কারী নূর হোসাইনসহ আল-মুঈন ত্রাণ তহবিলের প্রতিনিধিবৃন্দ।

রওনা হওয়ার আগে জামিয়ার মুহতামিম আল্লামা মুফতী খলীল আহমদ কাসেমী, শায়খুল হাদিস আল্লামা শাইখ আহমদ এবং মুহাদ্দিস আল্লামা মুফতী জসিমুদ্দীন প্রতিনিধি দলের সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তারা ত্রাণ কার্যক্রমের সার্বিক সফলতা ও প্রতিনিধি দলের নিরাপদ সফর কামনা করে বিশেষ দোয়া করেন।

এ সময় বন্যাদুর্গত মানুষের জন্য বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। মুনাজাতে মহান আল্লাহ তাআলার কাছে দুর্গত মানুষের দুর্দশা লাঘব, তাঁদের জানমাল ও ঈমানের হেফাজত, নিহতদের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ধৈর্য, উত্তম প্রতিদান ও সার্বিক কল্যাণ কামনা করা হয়।

এছাড়া আল-মুঈন ত্রাণ তহবিলের মানবিক সহায়তা কার্যক্রম যেন সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং এ উদ্যোগে সহযোগিতাকারী সকল দাতা ও স্বেচ্ছাসেবকের দান ও খিদমত মহান আল্লাহ কবুল করে নেন—সেজন্যও বিশেষ দোয়া করা হয়।

দারুল উলূম হাটহাজারী কর্তৃপক্ষ জানায়, বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো ইসলামের মানবিক শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতার অংশ। আল-মুঈন ত্রাণ তহবিলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োজনীয় ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা পৌঁছে দিয়ে দুর্গত মানুষের কষ্ট লাঘবে প্রতিষ্ঠানটির এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

আওয়ার ইসলাম/জেডএম