এক মাসে তিন শিক্ষার্থীর হিফজ সমাপন, বর্ণাঢ্য সংবর্ধনা
প্রকাশ: ২২ জুলাই, ২০২৬, ১১:১৫ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র কুরআনের শিক্ষা বিস্তার এবং জাতীয় ও আন্তর্জাতিক মানের যোগ্য হাফেজা তৈরির লক্ষ্য নিয়ে ধারাবাহিকভাবে এগিয়ে চলছে রাজধানীর দক্ষিণ বনশ্রীস্থ আন্ নূর তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মহিলা মাদরাসা। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি কুরআনের হিফজ, সহিহ তেলাওয়াত, আদব-আখলাক ও দ্বীনি শিক্ষার সমন্বিত পরিবেশ নিশ্চিত করে শিক্ষার্থীদের গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ইতোমধ্যে এ মাদরাসা থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জনকারী একাধিক হাফেজা বের হয়েছে। তারা বিভিন্ন কুরআন প্রতিযোগিতা, কিরাআত মাহফিল এবং দ্বীনি খেদমতের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে দিচ্ছেন। দক্ষ শিক্ষক, নিয়মতান্ত্রিক পাঠদান ও নিবিড় তত্ত্বাবধানে শিক্ষার্থীরা সফলতার সঙ্গে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করে দেশের বিভিন্ন অঞ্চলে কুরআনের শিক্ষা ও প্রচারে ভূমিকা রাখছেন।

এই ধারাবাহিকতায় গত ১৯ জুলাই, বাদ মাগরিব মাদরাসা প্রাঙ্গণে তিনজন শিক্ষার্থীর হিফজ সমাপন উপলক্ষে শেষ সবক প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

এদিন হিফজ সম্পন্ন করার সৌভাগ্য অর্জন করেন আমাতুল্লাহ নূর নুসাইবা, হুমাইরা হাফসা এবং রুবাইয়া মেহজাবিন তাবাসসুম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ার ইসলাম ২৪ ডটকম-এর সাধারণ সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল্লাহ সালেহ, জাগরণ টিভির কর্ণধার এইচ. এম. জুবায়ের, প্রতিষ্ঠানের সভাপতি মুফতি নুরুল আলম ইসহাকী, সেক্রেটারি হাবিবুল্লাহ খন্দকার এবং বিশিষ্ট অভিভাবক আব্দুর রাজ্জাক।

সভাপতির বক্তব্যে মুফতি নুরুল আলম ইসহাকী মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, আল্লাহ তাআলার অশেষ নেয়ামতে আজ আমরা আনন্দের এই মুহূর্তের সাক্ষী হয়েছি। আমাদের শিক্ষার্থীরা একের পর এক কুরআনের হাফেজা হওয়ার সৌভাগ্য অর্জন করছে। তাদের মধ্যে আমার নিজের কন্যাও রয়েছে। আমি মহান আল্লাহর কাছে দোয়া করি, তারা যেন কুরআনের আলোকে জীবন পরিচালনা করে দ্বীন ও মানবতার কল্যাণে নিজেদের উৎসর্গ করতে পারে।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক ক্বারী মাওলানা মুজাহিদুল ইসলাম বলেন, আল্লামা নূরুদ্দীন আহমদ গহরপুরী (রহ.)-এর নামানুসারে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান আল্লাহর অশেষ রহমতে কুরআনের খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। মহান আল্লাহ প্রতিষ্ঠানটিকে নানা প্রতিকূলতা থেকে হেফাজত করেছেন এবং মানুষের কাছে একটি বিশ্বস্ত ও সমাদৃত কুরআনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

তিনি আরও বলেন, বর্তমানে প্রতিষ্ঠানটি ভাড়াকৃত ভবনে পরিচালিত হচ্ছে। প্রতি মাসে ভবন ভাড়া ও অন্যান্য খাতে প্রায় চার লাখ টাকা ব্যয় হয়। আমরা দেশ-বিদেশের সকল শুভানুধ্যায়ী ও দ্বীনপ্রেমী মানুষের কাছে দোয়া কামনা করছি, যেন মহান আল্লাহ অচিরেই প্রতিষ্ঠানটির জন্য নিজস্ব জমি ও স্থায়ী ভবনের ব্যবস্থা করে দেন এবং এই খেদমতকে তাঁর সন্তুষ্টি ও জান্নাত লাভের উসিলা হিসেবে কবুল করেন।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, ইনশাআল্লাহ আগামী ডিসেম্বর মাসে আন্তর্জাতিক কিরাআত ও কুরআন সম্মেলনের আয়োজন করা হবে। ওই অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের কুরআনিক অ্যাওয়ার্ড, সনদ ও সম্মাননা প্রদান করা হবে।

তারা আরও জানান, কুরআনের আলোয় সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে আগ্রহী অভিভাবকদের জন্য আন্ নূর তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা নিরাপদ, সুশৃঙ্খল ও মানসম্মত দ্বীনি শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি, মুসলিম উম্মাহ, প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।