
|
সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
প্রকাশ:
২২ জুলাই, ২০২৬, ০৯:৫৪ সকাল
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক ট্রাম্প এমন একটি পারমাণবিক চুক্তিতে অনুমোদন দিয়েছেন যা সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দিতে পারে। সৌদি আরবকে একটি বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে সহায়তার লক্ষ্যে একটি পারমাণবিক চুক্তিতে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২২ জুলাই) মার্কিন সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নাল যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায়। খবর আনাদোলু এজেন্সির। প্রতিবেদন তথ্য অনুযায়ী, ৩০ বছর মেয়াদি এই চুক্তির সম্ভাব্য মূল্য কয়েক বিলিয়ন ডলার। এছাড়া, চুক্তির মূল উদ্দেশ হলো সৌদি আরবের পারমাণবিক অবকাঠামো উন্নয়নে মার্কিন কোম্পানিগুলোকে কেন্দ্রীয় ভূমিকা দেওয়া এবং এ খাতে অন্যান্য বিদেশি প্রতিযোগীদের বাইরে রাখা। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ পর্যালোচনায় প্রয়োজনীয়তা প্রমাণিত হলে, সৌদি আরবে একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ (ইউরেনিয়াম এনরিচমেন্ট) কেন্দ্র নির্মাণ করবে মার্কিন প্রতিষ্ঠানগুলো। এ ছাড়া এই চুক্তির মাধ্যমে সৌদি আরবের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের একটি ভূমিকা থাকবে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের দাবি, এর ফলে কর্মসূচিটি যেন পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহার না হয়, তা নিশ্চিত করতে সহায়তা করবে। তবে আগামী কয়েক দিনের মধ্যে চুক্তিটি পর্যালোচনার জন্য মার্কিন কংগ্রেসে পাঠানো হলে আপত্তির মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিতে সৌদি আরবের পারমাণবিক সক্ষমতা সম্প্রসারণ নিয়ে উদ্বেগ রয়েছে অনেক আইনপ্রণেতার। আওয়ার ইসলাম/জেডএম |