‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’
প্রকাশ: ২১ জুলাই, ২০২৬, ০৭:২৮ বিকাল
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্বকারী সংগঠন মুত্তাহিদা মাদারিস কাউন্সিল (Mutahida Madaris Council) জানিয়েছে, জমিয়তে উলামায়ে ইসলাম (জেইউআই)-এর প্রধান মাওলানা ফজলুর রহমানের সাম্প্রতিক বক্তব্য তার দলের নিজস্ব রাজনৈতিক অবস্থান, এটি মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের অবস্থান নয়।

মঙ্গলবার (২১ জুলাই) এক বিবৃতিতে সংগঠনটির মুখপাত্র মীর আসিফ আকবর কাদরী বলেন, মাওলানা ফজলুর রহমানের বক্তব্যকে মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের মতামত হিসেবে উপস্থাপন করা ঠিক হবে না। এটি সম্পূর্ণভাবে তার দল জমিয়তে উলামায়ে ইসলামের রাজনৈতিক অবস্থান।

তিনি বলেন, পাকিস্তান সেনাবাহিনীর শহীদ ও গাজিরা জাতির গর্ব এবং জাতীয় বীর। তাদের আত্মত্যাগের বিরুদ্ধে কোনো ধরনের নেতিবাচক বক্তব্য বা প্রচারণা গ্রহণযোগ্য নয়।

মীর আসিফ আকবর কাদরী আরও বলেন, দেশের মাদরাসা, মসজিদ, আলেম-উলামা ও শিক্ষার্থীদের সঙ্গে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক প্রচারণা বা বিতর্কে মাদরাসা, মসজিদ ও আলেম সমাজের নাম ব্যবহার করা অন্যায় এবং অনভিপ্রেত।

এর আগে মাওলানা ফজলুর রহমানের এক বক্তব্যকে কেন্দ্র করে পাকিস্তানে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। একই ইস্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীবিষয়ক সাবেক বিশেষ প্রতিনিধি ও ধর্মীয় ব্যক্তিত্ব হাফেজ তাহির আশরাফীও মাওলানা ফজলুর রহমানকে প্রকাশ্য বিতর্কের (মুনাজারা) আহ্বান জানান।

মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের সর্বশেষ বিবৃতির মাধ্যমে সংগঠনটি স্পষ্ট করেছে যে, তারা ফজলুর রহমানের ওই বক্তব্যের সঙ্গে নিজেদের সম্পৃক্ত মনে করে না এবং এ বিষয়ে তাদের অবস্থান স্বতন্ত্র।

সূত্র: ডেইলি জং

আইও/