কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারের পাশে এমপি মুফতি আবুল হাসান
প্রকাশ: ২১ জুলাই, ২০২৬, ০৬:১৫ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর পরিবারের পাশে দাঁড়িয়েছে খেলাফত মজলিস। দলের উদ্যোগে নিহত প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের নেতা মুফতি মোহাম্মদ আবুল হাসান সমতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে নির্বাচনী এলাকার উন্নয়ন বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

সোমবার (২০ জুলাই) বিকেলে কানাইঘাট উপজেলার আলহাজ বশির আহমদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে খেলাফত মজলিস কানাইঘাট উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে এমপি মুফতি আবুল হাসান সড়ক দুর্ঘটনায় নিহত জিবান আহমদের বাড়ি পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরিবারের জরাজীর্ণ বসতঘর দেখে দ্রুত একটি আধাপাকা ঘর নির্মাণে সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাট উপজেলার জিবান আহমদ (৩৫), নিজ গাছবাড়ী গ্রামের আবদুল কাদির (৩০), মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান (২৭), জুবায়ের আহমদ (২৮) এবং আগতালুক গ্রামের জসিম উদ্দিনের (৩৮) পরিবারের হাতে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। পরে ৩০ জুন লাশ দেশে এনে নিজ নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

বক্তব্যে এমপি মুফতি আবুল হাসান বলেন, সরকারি বরাদ্দ বণ্টন ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা ফাঁকিবাজি বরদাশত করা হবে না। কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার উন্নয়ন ধাপে ধাপে এবং সমতার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।

তিনি জানান, নিহত প্রবাসীদের পরিবারের জন্য সরকারি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। তবে কিছু প্রশাসনিক জটিলতার কারণে তা এখনও বাস্তবায়ন হয়নি। এজন্য মানবিক দায়িত্ববোধ থেকে খেলাফত মজলিস দলীয় উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে।

তিনি বলেন, প্রবাসীরা স্বপ্ন নিয়ে বিদেশে গিয়েছিলেন, কিন্তু লাশ হয়ে দেশে ফিরেছেন। তাদের পরিবারের এই কষ্ট লাঘব করা আমাদের নৈতিক, সামাজিক ও ধর্মীয় দায়িত্ব।

এমপি আরও বলেন, নিহতদের এতিম সন্তানদের লেখাপড়া যাতে বন্ধ না হয়, সে বিষয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। বই, খাতা, কলম, যাতায়াত ব্যয়সহ প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী সরবরাহে দলীয়ভাবে এবং প্রবাসীদের সহযোগিতায় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি স্থানীয় বিত্তবানদেরও অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

নির্বাচনী এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর গত পাঁচ মাসে পূর্বের অবশিষ্ট সরকারি বরাদ্দ স্বচ্ছতার সঙ্গে বিভিন্ন ইউনিয়নে বণ্টন করা হয়েছে। কানাইঘাট–বুরহানউদ্দিন সড়ক এবং শেওলা–জকিগঞ্জ সড়কের মেগা প্রকল্পের টেন্ডার সম্পন্ন হয়েছে। আগামী আগস্ট থেকে মাঠপর্যায়ে কাজ শুরু হওয়ার আশা করা হচ্ছে। এছাড়া সুরমা ও কুশিয়ারা নদীর ভাঙনরোধ এবং বিভিন্ন ইউনিয়নের সড়ক ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পও বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ সহ্য করা হবে না এবং জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে।

কানাইঘাট উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আমীমুল ইহসান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করেন মাহফুজুর রহমান এবং সঞ্চালনা করেন দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের সেক্রেটারি আবু বকর সিদ্দিক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহসভাপতি মাওলানা মুখলিছুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, কাতার খেলাফত মজলিসের সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হাসিব চৌধুরী, জেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবু বকর, আলহাজ বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার নুরুল আমিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাস্টার আব্দুল মতিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সহ-সেক্রেটারি মুখতার আহমদ, স্থানীয় জনপ্রতিনিধি, আলেম-উলামা, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নিহতদের পরিবারের সদস্যরা।

অনুষ্ঠান শেষে কাতারে নিহত পাঁচ প্রবাসীর রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান।

আইও/