
|
এমপির ভিডিও ভাইরাল নিয়ে জামায়াতের বিবৃতি, সাংগঠনিক ব্যবস্থার ঘোষণা
প্রকাশ:
২১ জুলাই, ২০২৬, ০৬:০০ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও অনুসন্ধান শেষে সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। মঙ্গলবার (২১ জুলাই) এক বিবৃতিতে এ কথা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদ ও আলোচনার বিষয়টি বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি জানান, এ বিষয়ে ইতোমধ্যে গাজী নজরুল ইসলামের নিজস্ব লিখিত বক্তব্য, তাঁর প্রথম ও দ্বিতীয় স্ত্রীর ভিডিও বক্তব্য এবং দ্বিতীয় স্ত্রীর পিতার বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। জামায়াতের এই নেতা বলেন, বিষয়টি নিয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে দলীয় সাংগঠনিক বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত ও ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামকে নিয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তা ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। পরে গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী এবং ঘটনাটি পরিকল্পিতভাবে ভিডিও ধারণ ও প্রচারের মাধ্যমে তাঁকে ব্ল্যাকমেইল ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা। এ ঘটনার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলমান রয়েছে। আইও/ |