
|
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
প্রকাশ:
২১ জুলাই, ২০২৬, ০৪:২৯ দুপুর
নিউজ ডেস্ক |
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সারাদেশে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৮ জন। মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো হাম বিষয়ক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭০২ জন শিশুর। আর নিশ্চিত হামে মারা গেছে ৯৫ জন। হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা ৭৯৭ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যু হয়নি। এই সময়ের মধ্যে হামে আক্রান্ত হয়েছে ১৩০ জন শিশু এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮৭৮। এছাড়া এই সময়ের মধ্যে (২৪ ঘণ্টা) ১ হাজার ২১৮ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৭৯ জন। অধিদফতরের তথ্য আরও বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৪৪৮ জন, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৭০৮। এই সময়ের মধ্যে (১৫ মার্চ থেকে এখন পর্যন্ত) হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ২ হাজার ২৪৪ জন শিশু। তাদের মধ্যে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন ৯৮ হাজার ৪১১ জন। আইও/ |