
|
চট্টগ্রামের বন্যা দুর্গতদের পাশে জমিয়তে উলামায়ে ইসলাম
প্রকাশ:
২১ জুলাই, ২০২৬, ০৩:৫৯ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সহায়তার অংশ হিসেবে মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার (২১ জুলাই) দলের কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম সফর করে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ ও পুনর্বাসন সামগ্রী বিতরণ করেন। দলের পক্ষ থেকে জানানো হয়, প্রতিনিধি দলে রয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া এবং যুগ্ম মহাসচিব মাওলানা মতিউর রহমান গাজিপুরী। চট্টগ্রামে পৌঁছার পর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগ দেন চট্টগ্রাম জেলা উত্তর জমিয়তের সভাপতি মাওলানা জাফর আহমদ, কেন্দ্রীয় সদস্য ও জেলা উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা ইমরান শিকদার, কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শাব্বীর আহমদ, মহানগর জমিয়তের দায়িত্বশীল মাওলানা শামসুদ্দীন আফতাব, ছাত্র জমিয়ত বাংলাদেশের সহ-সাংগঠনিক সম্পাদক এম ফুরকান আলী, হাফেজ মাওলানা আজীজুল্লাহ, হাফেজ মাওলানা সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। সফরের শুরুতে বেলা ১১টায় প্রতিনিধি দল চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৩টি পরিবারের হাতে পুনর্বাসন সহায়তা হিসেবে নগদ অর্থ তুলে দেন। পরে বাঁশখালীর কাতারিয়া ইউনিয়নের বাগমারা এলাকায় গৃহহীন হয়ে পড়া কয়েকটি পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়, যাতে তারা দ্রুত নিজেদের বসতঘর পুনর্নির্মাণ করতে পারেন। জমিয়তের কেন্দ্রীয় নেতারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ইসলামী ও মানবিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে দলটি সহযোগিতা অব্যাহত রাখবে। তারা আরও জানান, বাঁশখালীর সহায়তা কার্যক্রম শেষে প্রতিনিধি দল চকরিয়া ও মাতামুহুরী এলাকায় বন্যাকবলিত মানুষের মাঝে পুনর্বাসন সহায়তা কার্যক্রম পরিচালনা করবেন, ইনশাআল্লাহ। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দেশব্যাপী মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে বলেও নেতারা আশ্বাস দেন। আইও/ |