
|
ভারতে ভ্রমণ-সতর্কতা জারির আহ্বান আবদুর রব ইউসুফীর
প্রকাশ:
২১ জুলাই, ২০২৬, ০৯:৪৬ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী ভারতগামী বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে মুসলিম ভ্রমণকারীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারকে প্রয়োজনীয় ভ্রমণ-সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) জারির আহ্বান জানিয়েছেন। সোমবার (২০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান। পোস্টে আবদুর রব ইউসুফী বলেন, ভারতে মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক সহিংসতা, হামলা, হয়রানি এবং ধর্মীয় প্রতিষ্ঠানকে কেন্দ্র করে উদ্বেগজনক ঘটনার খবর আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে। এসব ঘটনা বাংলাদেশি মুসলিম ভ্রমণকারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ভারত সরকার ভিসা কার্যক্রম চালু করলেও সফরকারীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপত্তা ও মর্যাদার নিশ্চয়তা ছাড়া কেবল ভিসা সুবিধা ভ্রমণকারীদের জন্য যথেষ্ট নয়। জমিয়তের এই নেতা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনে ভারতগামী বাংলাদেশি নাগরিকদের জন্য উপযুক্ত ভ্রমণ-সতর্কতা জারি করা উচিত। এতে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন থেকে ভ্রমণকারীরা সফরের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সক্ষম হবেন। তিনি আরও বলেন, বিদেশ সফরের ক্ষেত্রে প্রত্যেক বাংলাদেশি নাগরিকের জীবন, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নিশ্চিত করারও আহ্বান জানান তিনি। মাওলানা আবদুর রব ইউসুফীর এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। |