সাংবাদিক ইলিয়াসের কুরুচিপূর্ণ প্রচারণার নিন্দা জানাল হেফাজতে ইসলাম
প্রকাশ: ১৯ জুলাই, ২০২৬, ০৫:৫৪ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যমে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নিয়ে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের কুরুচিপূর্ণ প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

রোববার (১৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এ নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, হেফাজতে ইসলাম সবসময় গঠনমূলক সমালোচনা ও ভিন্নমতকে স্বাগত জানায়। তবে মানহানিকর, কুরুচিপূর্ণ ও উসকানিমূলক প্রচারণা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, সম্প্রতি আমরা লক্ষ্য করছি, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন সামাজিক যোগাযোগমাধ্যমে হেফাজতে ইসলাম বাংলাদেশের শ্রদ্ধাভাজন আমীর, দেশের আলেমসমাজের অভিভাবক আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নিয়ে কুরুচিপূর্ণ প্রচারণা চালাচ্ছেন, যা জনপরিসরে বিভক্তি ও বিরোধ উসকে দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আল্লামা সাজেদুর রহমান দেশবাসী, বিশেষ করে ধর্মপ্রাণ মানুষকে এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

একই সঙ্গে তিনি ইলিয়াস হোসাইনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাদের কোনো বিষয়ে ভিন্নমত থাকলে তা সভ্য, শালীন ও রুচিসম্মত ভাষায় উপস্থাপন করুন। সামাজিক সম্প্রীতি ও জাতীয় ঐক্যের স্বার্থে কটূক্তি ও অশালীন ভাষা ব্যবহার থেকে বিরত থাকবেন বলে আমরা আশা করি।

বিবৃতিতে হেফাজতে ইসলাম সামাজিক ও জাতীয় ঐক্য রক্ষায় দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করে এবং মতপ্রকাশের ক্ষেত্রে শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানায়।

আইও/